হজের জন্য জমানো টাকায় ৮০০ পরিবারকে খাদ্য সহায়তা

‘ইঞ্জিনিয়ার সাহেব ব্যাগ-ভর্তি বাজার দিল কিন্তু ট্যাকা নিল না। ব্যাগে করে ইঞ্জিনিয়ার সাহেব চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, রসুন, মিষ্টিকুমড়া, পুঁইশাক, মরিচ, ভেন্ডি, বাঁধাকপিসহ অনেক কিছুই দিল।’
শুক্রবার সকালে এভাবেই আপ্লুত কণ্ঠে অনুভূতি প্রকাশ করেন নৌকার মাঝি মিলন আলী।
তিনি গড়াই নদীতে মানুষ পারাপার করেই সংসার চালান। মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে নদীতে নৌকা নিয়ে যাওয়া হয় না তার। ফলে স্ত্রী ও সন্তান নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছিল তার। এই সহযোগিতা তার মুখে হাসি ফুটিয়েছে।
এমনই বিভিন্ন পেশার অনেক কর্মহীন হয়ে পড়া অসহায়, দুঃস্থদের পাশে দাঁড়িয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলিমুজ্জামান টুটুল।
শুক্রবার তিনি হজের জন্য জমানো টাকায় এসব মানুষের জন্য কুষ্টিয়া সদর উপজেলার হাটশহরিপুর বাজারে ফ্রি মুদি দোকান ও সবজি বাজার চালু করেন।
ভ্রাম্যমাণ ফ্রি সবজি বাজারে রয়েছে চাল, ডাল, আটা, তেল, লবণ, সাবান, ভিমবার, আলু, পেঁয়াজ, রসুন, মিষ্টিকুমড়া, পুঁইশাক, মরিচ, ভেন্ডি ও বাঁধাকপি।
সবজি নিতে আসা মোটর শ্রমিকের কাজ করা কারিবুল ইসলাম বলেন, ‘করোনার কারণে কাজকর্ম না থাকায় বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে খুবই কষ্টে দিন পার করতে হচ্ছে। এখানে এসে সংসারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ সবজি দিয়ে আমার বেশ কয়েকদিন চলে যাবে।’
এ কাজের উদ্যোক্তা আলিমুজ্জামান টুটুল বলেন, ‘চলমান করোনা পরিস্থিতি কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। ফলে এসকল মানুষের পাশে ভ্রাম্যমাণ ফ্রি মুদি দোকান ও সবজি বাজার বসিয়ে তাদের পাশে দাঁড়ানো আমার উদ্দেশ্য। ঈদের আগ পর্যন্ত ৮০০ পরিবারকে এ সহায়তা করার চেষ্টা থাকবে।’ দেশ রূপান্তর




