sliderবিবিধশিরোনাম

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন আর নেই

পতাকা ডেস্ক : আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ আর নেই। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। স্থানীয় বুধবার সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ১২ জুন রবিবার রাতে রক্তচাপ বেড়ে গেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নির্মল রঞ্জন গুহ। পরে দ্রুত তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সে সময় তার পালস পাওয়া যাচ্ছিল না। পরে ইলেকট্রিক শক দেওয়া হলে পালস পাওয়া যায়।
তার হার্টে দু’টি ব্লক ধরা পড়লে সেখানে রিং বসানো হয়। কিন্তু অবস্থার অবনতি ঠেকানো যায়নি। এরপরই তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে। উন্নত চিকিৎসার জন্য ১৬ জুন দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
এর আগেও তিনি হার্টের সমস্যায় ভারতে গিয়ে চিকিৎসা নিয়েছিলেন। ২০২০ সালের জুন মাসের শেষ সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।
২০১৯ সালের ২৫ নভেম্বর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হন নির্মল রঞ্জন গুহ। এর আগে তিনি সংগঠনটির সিনিয়র সহসভাপতি পদে ছিলেন।
নির্মল রঞ্জন গুহের রাজনীতিতে পথচলা শুরু ছাত্রলীগের হাত ধরে। ছাত্রাবস্থায় তিনি নয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে যুক্তি হন স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে। তিনি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button