sliderস্থানিয়

স্বেচ্ছাশ্রমে কবরস্থান সংস্কারে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত

মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক কেন্দ্রীয় কবরস্থানের সংস্কার কাজে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অংশ নিয়ে মানবতা, সামাজিক দায়বদ্ধতা ও ধর্মীয় মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এলাকার মানুষ।

শনিবার সকাল থেকে মুসলিম ব্লক কবরস্থান পরিচালনা কমিটির আহ্বানে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে সংস্কার কাজে অংশ নেন অর্ধশতাধিক যুবক। তাদের সঙ্গে যুক্ত হয় অন্তত ১০টি ছয় চাকার ট্রলি। এলাকাবাসীর সহযোগিতায় নামমাত্র মূল্যে প্রায় ৪০০ ট্রলি মাটি সরবরাহ করা হচ্ছে কবরস্থানের নিচু অংশ ভরাটের জন্য।

স্থানীয়দের মতে, এটি শুধু একটি সংস্কার কার্যক্রম নয়; বরং মৃতদের প্রতি সম্মান প্রদর্শন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশৃঙ্খল ও উপযোগী কবরস্থান গড়ে তোলার মহৎ উদ্যোগ।

কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি মো. নিজাম উদ্দিন মাস্টার জানান, কবরস্থানের একটি অংশ নিচু হওয়ায় বর্ষা মৌসুমে পানি জমে যায়। ফলে মৃতদেহ দাফনে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। এ সমস্যা সমাধানে এলাকাবাসীর সহযোগিতায় কবরস্থান সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সরকারি সহায়তা পাওয়া গেলে ভবিষ্যতে কবরস্থান রক্ষায় একটি গার্ড ওয়াল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সংস্কার কাজ পরিদর্শনকালে বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী এলাকাবাসীর এ উদ্যোগের প্রশংসা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

স্থানীয় প্রবীণরা বলেন, মানুষের শেষ ঠিকানা কবরস্থান। সেই স্থানকে পরিচ্ছন্ন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ রাখতে সবাইকে এগিয়ে আসা উচিত। মুসলিম ব্লকের এ উদ্যোগ সমাজের অন্যদের জন্যও একটি অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতার এমন চিত্র আজকের সমাজে নিঃসন্দেহে আশাব্যঞ্জক। স্বেচ্ছাশ্রমে কবরস্থান সংস্কারের এই মহৎ উদ্যোগ এলাকাবাসীর ঐক্য ও মানবিকতার এক উজ্জ্বল নিদর্শন হয়ে স্মরণীয় হয়ে থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button