
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সুপ্রিম কোর্টসহ দেশের সব কোর্টের স্বল্প আয়ের আইনজীবীদের সাহায্যার্থে বিশেষ তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
শনিবার (২৮মার্চ) বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের প্রতি এ প্রস্তাব পাঠান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদি।
প্রস্তাবে মো. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে সর্বস্তরের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, সঙ্গে সঙ্গে ষাট হাজার আইনজীবী সমাজের মধ্যে স্বল্প আয়ের এবং জুনিয়র আইনজীবীদের অসুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ বার কাউন্সিলকে তাদের সাহায্যার্থে এগিয়ে আসার আকুল আবেদন জানাচ্ছি। জানতে চাইলে মোমতাজ উদ্দিন মেহেদী বলেন, করোনার প্রাদুর্ভাবে এবং ভবিষ্যতে আরও অন্যান্য মহামারির সময়ে দেশের প্রত্যেকটি আইনজীবী সমিতিতে বার কাউন্সিলের তত্ত্বাবধানে স্বল্প আয়ের এবং জুনিয়র আইনজীবীদের সাহায্যার্থে বিশেষ তহবিল গঠনের প্রস্তাব রাখছি। উক্ত ফান্ড গঠনের জন্য প্রধানমন্ত্রী, সরকার এবং বিত্তবান সিনিয়র আইনজীবীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা যেতে পারে। প্রত্যেকটি বার অ্যাসোসিয়েশনে আলাদা তহবিল গঠন ও বিশেষ মনিটরিং সেল গঠন এখন সময়ের দাবি।
প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে ২২ মার্চ সুপ্রিম কোর্ট থেকে নিম্ন আদালতে জামিন ও জরুরি বিষয় ছাড়া মামলার বিচার কাজ মুলতবি রাখা হয়েছে।




