খেলা

স্প্যানিশ লা লিগা : বার্সেলোনাই চ্যাম্পিয়ন

স্প্যানিশ লা লিগার শিরোপা জয়ের জন্য বার্সেলোনার প্রয়োজন ছিল তিনটি পয়েন্ট মাত্র। চার ম্যাচ হাতে থাকা বার্সেলোনার শিরোপা জয়টা ছিল তাই শুধুই সময়ের ব্যাপার । তবে সমর্থকদের লম্বা সময় অপেক্ষায় রাখতে যেন একেবারেই অনিচ্ছুক ছিল আর্নেস্তো ভেলভার্দের দল। তাই ঘরের মাঠ ন্যু ক্যাম্পে শনিবার রাতে লেভান্তেকে ১-০ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই এ মৌসুমের লা লিগার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়েছে কাতালানরা। আর দলের জয়ের নায়ক সেই একজন, সুপারস্টার লিওনেল মেসি।
লা লিগায় এবার নিয়ে ২৬তম শিরোপা জয় করল বার্সেলোনা। তবে সাম্প্রতিক সময়ে দলটি প্রায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে স্প্যানিশ এই শীর্ষ প্রতিযোগিতায়। এ মৌসুমের সেরা হওয়ার সঙ্গে সঙ্গে লা লিগায় টানা দ্বিতীয় শিরোপা জিতে নিয়েছে বার্সা। গত মৌসুমেও শিরোপা জেতা দলটি সর্বশেষ ১১ মৌসুমে এ নিয়ে অষ্টমবারের মতো ট্রফি উঁচিয়ে ধরল।
শিরোপার হাতছোঁয়া দূরত্বে থাকা দলটি শনিবার ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই লেভান্তের রক্ষণভাগের ওপর প্রবল চাপ তৈরি করে। ম্যাচ শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই দুবার এগিয়ে যেতে পারত বার্সা। তবে লুইস সুয়ারেজ ও কৌতিনিয়ো, দুজনের প্রচেষ্টাই অল্পের জন্য ব্যর্থ হয়। প্রথমার্ধের বিরতির আগে লেভান্তের গোলপোস্ট লক্ষ্য করে অন্তত পাঁচটি শট নেয় মেসির দল। তবে কৌতিনিয়োর শট ক্রসবারে লাগলেও গোলের দেখা আর পায়নি বার্সেলোনা।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে লিওনেল মেসিকে নামান কোচ ভেলভার্দে, তুলে নেন কৌতিনিয়োকে। দল ও কোচের প্রত্যাশা মেটাতে বেশিক্ষণ সময় নেননি মেসি। ম্যাচের ৬২ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন তিনি। ভিদালের পাস থেকে বাঁ পায়ের ট্রেডমার্ক ফিনিশিংয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন এই আর্জেন্টাইন সুপারস্টার।
এরপর ম্যাচের বাকি ২৮ মিনিটে আর গোলের দেখা পায়নি কোনো দলই। এর মধ্যে বার্সেলোনা কয়েকবার গোল খাওয়ার দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। তবে লেভান্তের ফরোয়ার্ডদের ব্যর্থতায় বেঁচে যায় কাতালানরা। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠেন বার্সার খেলোয়াড়রা।
৩৫ ম্যাচ শেষে ৮৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলো বার্সা। সমান সংখ্যক ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর ৩৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button