সৌদিআরবে দুর্ঘটনায় কটিয়াদীর জীবনের জীবন নিঃশেষ

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি : সৌদিআরবের জিজান শহরের ব্যস্ত সড়কে মিশে গেল জীবন মিয়ার (২৬)জীবনের সুখের স্বপ্ন। ঘটনাটি ঘটেছে ২৯ মে সোমবার দুপুরে । নিহত জীবন মিয়া কিশোরগঞ্জের কটিয়াদী জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের বিল্লাল মিয়ার ছেলে। বোধবার দুপুরে প্যাকিং করা লাশ বাড়িতে আসে।
জানা যায়, জীবন মিয়া জিজান শহরে একটি কোম্পানীতে ক্লিনারের কাজ করতেন। জিজান শহরের ব্যস্ত সড়কে ২৯ মে সোমবার দুপুরে ট্রাকে ময়লার ড্রাম তুলতে গিয়ে পিছলে তার উপড় পড়ে ঘটনা¯স্থলেই মৃত্যু হয়। এ সংবাদ জীবন মিয়ার রুমমেট জোবায়ের ফোন করে তার বাড়িতে দিলে শুরু হয় শোকের মাতম। মাত্র দেড় বছর পূর্বে সংসারের সুখ স্বাচ্ছন্দের স্বপ্ন নিয়ে তিনি সৌদি আরবে পাড়ি জমান। ধার দেনা করে অতিকষ্টে তিনি প্রবাসে যান। এখনো তার ধার দেনা পরিশোধ হয়নি। এরই মধ্যে মিশে যায় পরিবারের সকল স্বপ্ন সাধ। জীবন মিয়ার পিতা বিল্লাল মিয়া জানান, তার দুই ছেলের মধ্যে জীবন মিয়া বড়। তাই সংসারের সুখের আশায় ধার দেনা করে বড় ছেলে জীবন মিয়াকে সৌদি আরবে পাঠান দেড় বছর পূর্বে। ছেলের পাঠানো টাকায় কিছু ধার দেনা পরিশোধ করা হয়েছে। এখনো অনেক ঋণ রয়ে গেছে। তিনি বলেন, কিভাবে এ ঋণ পরিশোধ করবো জানি না। অদ্য বোধবার দুপুরে প্যাকিং করা লাশ বাড়িতে আসে। বাদজোহর জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করে।




