সোনালী অতীত ক্লাব ফুটবল টুর্নামেন্টে বোরহান একাদশকে হারিয়ে সাহাপাড়া চ্যাম্পিয়ন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: গতকাল দাউদকান্দি আদর্শ পাইলট হাইস্কুল মাঠে সোনালী অতীত ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলাটি নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকলে টাইব্রেকারে ১-০ গোলে দোনারচর বোরহান একাদশকে হারিয়ে সাহাপাড়া একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সোনালী অতীত ক্লাবের সভাপতি প্রাক্তন প্রবীণ কৃতি খেলোয়াড় কামরুল হাসান গরীব এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক প্রাক্তন কৃতি খেলোয়াড় সওগাত চৌধুরী পিটারের সার্বিক তত্বাবধানে প্রাকৃতিক দূর্যোগের মাঝে অনুষ্ঠিত খেলাটি অসংখ্য দর্শক উপভোগ করেছেন। পরে প্রধান অতিথি, সভাপতি ও সেক্রেটারি চ্যাম্পিয়ন পুরস্কার ফ্রিজ এবং রানারআপ পুরস্কার টেলিভিশন দলের টিম ম্যানেজার ও খেলোয়াড়দের হাতে তুলে দেন। এছাড়া সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর শহীদনগর এমএ জলিল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন।
এখানে সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান।




