Uncategorized

সোনাগাজীতে ১৭ বহিরাগতসহ ২ গাড়ী আটক

ফেনী সংবাদদাতা : ফেনীর সোনাগাজীতে আগামীকাল রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন। নির্বাচনকে প্রভাবিত করতে গাড়িযোগে উপজেলার সদর ইউনিয়নে প্রবেশ করলে একটি কালো হাইস গাড়ি ও একটি নোহা গাড়ীসহ ১৭ জনকে আটক করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিকের নেতৃত্ত্বে পুলিশ ও বিজিবি’র দুটি আলাদা টিম তাদের আটক করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিক জানান, সোনাগাজী সদর ইউনিয়নের চর গনেশ ও চর দরবেশ গ্রাম থেকে বহিরাগত প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান করে তাদের আটক করেছি। এদের বেশীরভাগের বাড়ী পরশুরাম ও ছাগলনাইয়ায়। নির্বাচন অবাধ সুষ্ঠ ও প্রভাব মুক্ত করতে আমরা আমাদের যথাযথ দায়িত্ব পালনে বদ্ধ পরিকর।
নির্বাচন প্রভাবিত করতে সরকারি দলের মনোনয়ন প্রাপ্তদের পক্ষে কাজ করতে বিভিন্ন উপজেলা থেকে বহিরাগত আসার শঙ্কার কথা জানিয়ে আসছেন বিরোধী প্রার্থীরা। বহিরাগত কর্তৃক নির্বাচন প্রভাবিত হলে আত্মহত্যার হুমকি দিয়েছেন সদর ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী সামছুল আরেফিন ও জাতীয় পার্টির প্রার্থী সিরাজুল ইসলাম। বহিরাগত ঠেকাতে ও নির্বাচন সুষ্ঠ করতে প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতির কথা জানানো হয়েছে।
সোনাগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মাইনুল হক জানান, উপজেলায় মোট দুই লাখ ছয় হাজার ৪২ জন ভোটার রয়েছে। ভোট নেয়ার জন্য ৯১টি কেন্দ্রে ৫৩৯টি বুথ তৈরি করা হয়েছে। এসব কেন্দ্রে এক লাখ চার হাজার ৮২১ পুরুষ ভোটার ও এক লাখ এক হাজার ২২১ জন মহিলা ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে মঙ্গলকান্দি ও মতিগঞ্জ ইউপিতে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকী সাতটিতে চেয়ারম্যান পদে ২৮ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও ৯টি ইউপিতে সংরক্ষিত সদস্য পদে ৯৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪২১ জন প্রার্থী ভোটাভোটির মাঠে রয়েছেন।
তবে প্রশাসনের পক্ষ থেকে ৯টি ইউনিয়নের ৯১টি কেন্দ্রের মাঝে সবগুলোকেই গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) চিহ্নিত করে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানান, উপজেলায় নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত র‌্যাব, বিজিবি টহল নিশ্চিত করা হয়েছে। এছাড়াও ৬২৬ জন পুলিশ সদস্য
এবং প্রতিটি কেন্দ্রে ১৭ জন করে আনসার মোতায়েন থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button