Uncategorized

সুন্দরবনের পর্যটন শিল্প খুলে দেয়ার দাবিতে ব্যবসায়ী-কর্মচারীদের মানববন্ধন

দর্শনার্থীদের আগমন ও ভ্রমণের জন্য সুন্দরবনের পর্যটন শিল্প উন্মুক্ত/খুলে দেয়ার দাবিতে মোংলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সুন্দরবন পর্যটন ব্যবসায়ী-কর্মচারীরা।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের মামার ঘাট সংলগ্ন মোংলা নদীর পাড়ে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে সুন্দরবনের পর্যটন শিল্পের সঙ্গে জড়িত কয়েক’শ নৌযান মালিক ও কর্মচারী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা করোনা বিধিনিষেধ এবং পরিবেশের সুরক্ষা নিয়মকানুন মেনেই পর্যটন ব্যবসা পরিচালনা করার প্রতিশ্রুতিও দেন।
করোনা প্রাদুর্ভাবের কারণে মার্চ মাস থেকে সুন্দরবনে পর্যটক ও নৌযান চলাচল বন্ধ করে দেয় বন বিভাগ। এর ফলে দীর্ঘ ৬ মাস ধরে এ পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ৫০টি লঞ্চ, সাড়ে ৩শ জালিবোট ও দেড়শ ট্রলারের প্রায় ৫ হাজার মালিক এবং কর্মচারীরা বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
মানববন্ধন থেকে সুন্দরবন নির্ভরশীল পর্যটন ব্যবসায়ী ও কর্মচারীরা দ্রুত সুন্দরবন খুলে দেয়ার জন্য বন বিভাগসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ সময় তারা বলেন, দেশের বিভিন্ন স্থানের পর্যটন কেন্দ্র ইতিমধ্যে খুলে দেয়া হলেও ব্যতিক্রম সুন্দরবনের ক্ষেত্রে। ব্যবসায়ী-কর্মচারীদের দাবি অচিরেই সুন্দরবন খুলে দেয়া হোক, তা না হলে আমাদের পথে বসতে হবে। পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে বন বিভাগ।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের নির্দেশনা আসেনি। নির্দেশনা পেলেই পর্যটকদের জন্য অবশ্যই সুন্দরবন খুলে দেয়া হবে। দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button