
সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনপ্রবাসী এক বাংলাদেশির কাছ থেকে শটগানের ১৫০টি গুলি উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। তাঁর নাম আব্দুস সবুর।শনিবার সকালে তাঁর লাগেজ স্ক্যান করার সময় বিষয়টি ধরা পড়লে কাস্টমস তাকে আটক করে। আব্দুস সবুরের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামে।
বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, লন্ডন থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইট বিজি ০০২ আজ সকাল সাড়ে নয়টায় বিমানবন্দরে অবতরণ করে। এ সময় মহানগর পুলিশের উচ্চপর্যায় থেকে এক যাত্রীর কাছে গুলি বহনের বিষয়টি কাস্টমসকে জানানো হয়। এ তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে যাত্রীদের লাগেজ স্ক্যান করে কাস্টমস। এ সময় ওই যাত্রীর লাগেজে ১৫০টি গুলি পাওয়া যায়। তিনি গুলি রাখার বৈধতার কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে কাস্টমস কর্তৃপক্ষ তাঁকে আটক করে।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার খায়রুল বাশার জানান, আটক আব্দুস সবুরকে মহানগর পুলিশের বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তবে যোগাযোগ করলে বেলা একটা পর্যন্ত তাঁকে পুলিশে সোপর্দ করা হয়নি বলে জানিয়েছেন মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গউস হোসেন।



