সিংগাইরে পুলিশ পরিচয়ে প্রতারণার ঘটনায় জড়িত ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি,সিংগাইর(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার কাংশা মহল্লায় মডেল টাউনের পূর্ব পাশের চকে মৃত.ছাদেক আলীর বাড়িতে পুলিশ পরিচয়ে প্রতারণার ঘটনার সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (১৭জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-মাগুরা সদর উপজেলার বারুলিয়া(সত্যজিৎপুর) গ্রামের মৃত.ছামাদ মোল্লার পুত্র সোলায়মান ইসলাম ওরফে রাজু(৩৫) ও একই জেলার সিরিজদিয়া গ্রামের মৃত.বুদাই শেখের পুত্র কামরুল শেখ (৩৫)। এরা ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় বাসা ভাড়া করে থাকত।
পুলিশ জানায়,পৌর এলাকার কাংশা মহল্লার মৃত.ছাদেক আলীর বাড়িতে গত ৩১ ডিসেম্বর পুলিশ পরিচয়ে প্রতারণা করে নগদ টাকা,মোবাইল সেট,স্বর্নালংকার নিয়ে যায়। এ ঘটনায় পরিবারটির পক্ষ থেকে সিংগাইর থানায় চুরির অভিযোগে মামলা করা হয়। এরপর তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো.আমিনুল ইসলাম ও এসআই মো.নজরুল ইসলাম আশুলিয়া থেকে তাদের গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ১টি ওয়াকিটকি ও পুলিশের ১সেট পোশাক উদ্ধার করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মোঃ রকিবুজ্জামান বলেন- পুলিশ পরিচয় দেয়া প্রতারকদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সোমবার (১৮ জানুয়ারি)আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।




