সাভারে ৩ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

তিন দফা দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে কয়েক শতাধিক কর্মহীন গণপরিবহন শ্রমিক।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের থানা রোড এলাকায় বিক্ষোভ করতে থাকেন তারা।
তাদের দাবিগুলো হল- ত্রাণ সহায়তা, শ্রমিকদের কল্যাণের নামে বিভিন্ন শ্রমিক-মালিক সমিতির ব্যানারে চাঁদা আদায় বন্ধ ও অবিলম্বে গণপরিবহন চালুকরণ।
এ সময় শ্রমিকরা সড়কে বসে দিন দফা দাবি আদায়ে স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ ও পরিবহন মালিকপক্ষের আশ্বাসে প্রায় এক ঘণ্টা সড়কে অবস্থানের পর সরে যায় তারা।
পরিবহন শ্রমিকদের অভিযোগ, করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যে সবচেয়ে অসহায় ও মানবেতর জীবনযাপন করছেন তারা।
গত প্রায় এক মাস কর্মহীন অবস্থায় থাকলেও তাদের কোনো প্রকার ত্রাণ কিংবা সহায়তা প্রদান করেনি কেউই। এতে পরিবার নিয়ে চরম উৎকণ্ঠা ও হতাশা নিয়ে অসহায় দিন পার করছেন তারা।
তাই তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
সাভার পরিবহনের চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে সড়কে অবস্থানরত শ্রমিকদের সাথে আলোচনার পর তারা সড়ক ছেড়ে দেয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাদের মোল্লা জানান, মূলত করোনা সংকটের মাঝে কর্মহীন হয়ে পড়া শ্রমিকরা কোনো প্রকার সাহায্য না পেয়ে আজ সকালে ঢাকা-আরিচা মহাসড়কের থানা স্ট্যান্ড এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
তিনি আরও বলেন, সত্যিকার মানবিক অর্থে অসহায় এসব শ্রমিকদের এমন সংকটময় পরিস্থিতিতে পরিবহন মালিকদের তাদের পাশে থাকার প্রয়োজন ছিল। তাই কষ্টে থাকা এসব শ্রমিকদের সহযোগিতার জন্য পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা শেষে সমস্যা সমাধানের আশ্বাসে শ্রমিকরা সড়ক থেকে চলে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দেশ রূপান্তর ।




