সাভারে হেলে পড়েছে ৬ তলা ভবন

সাভার পৌর এলাকার ওয়াপদা রোডে ছয় তলা একটি ভবনের বেসমেন্ট দেবে গিয়ে অন্য একটি ভবনের ওপর হেলে পড়েছে। রাস্তার পাশে ফাটল এবং ফ্লোরের বিভিন্ন জায়গা বসে পড়েছে। ইতোমধ্যে ভবনটি পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাভার পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবনটি সিলগালা করে দেয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে ভবনটির বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে।
পৌর এলাকার ওয়াপদা রোডে অবস্থিত মজিদা আক্তার শিরিনের মালিকানাধীন ৩/২ নম্বর হোল্ডিংয়ের প্রিয়াঙ্কা ম্যানশন নামের বাড়িটি পার্শ্ববর্তী অপর একটি ভবনের ওপর হেলে পড়লে মঙ্গলবার কর্তৃপক্ষের নজরে আসে। খবর পেয়ে সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা নীপা, সাভার পৌর মেয়র হাজী আব্দুল গনি, স্থানীয় কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তা, পৌরসভার প্রধান প্রকৌশলী শরিফুল ইমাম, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলম মিয়া, সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।
এ সময় ভবনটি ঝুঁকিপূর্ণ মনে করায় প্রশাসনের পক্ষ থেকে ভবনের বাসিন্দাদেরকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। নির্দেশনা অনুযায়ী সকল বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে চলে যায়।
তবে ভবনটির কোনো অনুমোদন রয়েছে কিনা, সে বিষয়ে কোনো কাগজপত্র দেখাতে পারেনি মালিকপক্ষ।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান বলেন, ছয় তলা ভবনের পশ্চিম পাশের কলাম বসে গেছে এবং ভিমে ফাটল দেখা গেছে। এ ঘটনায় ভবনে থাকা সকল বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে এবং গ্যাস-বিদ্যুৎসহ সকল প্রকার সংযোগ বচ্ছিন্ন করা হয়েছে।
তিনি আরো বলেন, ভবনটির অনুমোদনের বিষয়ে জানতে চাইলে মালিকপক্ষ কোনো কাগজ দেখাতে পারেনি। পরে সন্ধ্যায় সাভার উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নীপা ঘটনাস্থল পরিদর্শন করে ভবনটি সিলগালা করে দিয়েছেন।




