বিবিধশিরোনাম

সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যুবার্ষিকী আজ

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিবিদ চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের এই দিনে তিনি মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। চৌধুরী কামাল ইবনে ইউসুফ ১৯৪০ সালের ৩ মে ফরিদপুর জেলার সম্ভ্রান্ত বাঙালি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। চৌধুরী কামাল ইবনে ইউসুফের বাবামহ ছিলেন জমিদার চৌধুরী মঈজউদ্দীন বিশ্বাস। তার বাবা ইউসুফ আলী চৌধুরী (মোহন মিয়া) ব্রিটিশ ও পাকিস্তান শাসনামলে উপমহাদেশের একজন বিশিষ্ট প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন। তার চাচা চৌধুরী আবদুল্লাহ জহিরউদ্দীন (লাল মিয়া) প্রেসিডেন্ট আইয়ুব খানের সরকারে মন্ত্রিসভায় ছিলেন এবং অন্য চাচা এনায়েত হোসেন চৌধুরী পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ছিলেন।
চৌধুরী কামাল ইবনে ইউসুফ বিএনপি থেকে ১৯৭৯ সালের জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে বৃহত্তর ফরিদপুরের প্রতিমন্ত্রীর মর্যাদাসম্পন্ন জেলা উন্নয়ন সমন্বয়ক বা ডিডিসি হিসেবে নিয়োগ দেন। ১৯৮১ সালে তিনি বিচারপতি আব্দুস সাত্তার সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী হন। ১৯৯৬ সালে সংসদ নির্বাচনে তিনি বিজয়ী হন। ২০০১ সালের নির্বাচনেও জয়ী হয়ে তিনি খাদ্য এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী হয়েছিলেন।
চৌধুরী কামাল ইবনে ইউসুফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
কর্মসূচি : এদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদ আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করেছে। ফরিদপুরে আগামী ১৮ ডিসেম্বর আরো একটি আলোচনা সভা হবে। এ ছাড়াও ফরিদপুরের ময়েজ মঞ্জিলের পারিবারিক কবরস্থানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতিহা পাঠ ও মুনাজাতের কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button