পতাকা ডেস্ক : দৈনিক ভোরের কাগজ-এর সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক বেনজির আহমেদ আর নেই। মঙ্গলবার ভোররাত চারটা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
বেনজির আহমেদের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার চরমিরকারি গ্রামে। তিনি অবিবাহিত ছিলেন। মৃত্যুকালে তিনি এক ভাই, দুই বোন, অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। সাংবাদিক বেনজির আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুক্তিযুদ্ধবিষয়ক বিশেষ বুলেটিনের সম্পাদনা করতেন। তিনি সাপ্তাহিক একতার ব্যবস্থাপনা সম্পাদক, যায়যায়দিন-এর নির্বাহী সম্পাদক, কবি শামসুর রাহমানের সম্পাদিত মূলধারার নির্বাহী সম্পাদক, বাংলাদেশে রাশিয়ার দূতাবাসের সোভিয়েত রিভিউ ও সোভিয়েত সমীক্ষা পত্রিকার যুগ্ম সম্পাদক এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।



