sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

বিশ্বের সবচেয়ে বয়সী তানাকা মারা গেলেন ১১৯ বছর বয়সে

বিশ্বের সবচেয়ে বেশি বয়সী এক জাপানি নারী ১১৯ বছর বয়সে মারা গেছেন। সোমবার স্থানীয় কর্মকর্তারা এ ঘোষণা দিয়েছেন। মৃত ওই নারীর নাম ক্যান তানাকা। ১৯০৩ সালের ২রা জানুয়ারিতে তার জন্ম জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ফুকুওকা অঞ্চলে। তিনি যে বছর জন্মগ্রহণ করেন, সেই বছরেই প্রথমবারের মতো রাইট ব্রাদার্স প্রথম আকাশে ওড়েন। আর প্রথমবার নোবেল পুরস্কার বিজয়ী নারী হন মেরি কুরি। সাম্প্রতিক সময় পর্যন্ত তুলনামুলক সুস্থ শরীরের অধিকারী ছিলেন তানাকা। তিনি বসবাস করছিলেন একটি নার্সিং হোমে।
সেখানে তিনি বোর্ড গেম খেলে, গণিতের সমস্যা সমাধান করে এবং পছন্দের বিভিন্ন খাবার খেয়ে সময় পাস করতেন। তার প্রথমদিকের দিনগুলোতে নানা রকম ব্যবসা পরিচালনা করেছেন। এর মধ্যে আছে একটি নুডলসের দোকান এবং রাইস কেক স্টোর। ১৯২২ সালে এক শতাব্দী আগে বিয়ে করেছিলেন হিদেও তানাকাকে। তাদের আছে চারজন সন্তান এবং একজন সন্তানকে তারা দত্তক নিয়েছিলেন। ক্যান তানাকা ২০২১ সালের টোকিও অলিম্পিকে হুইলচেয়ার ইভেন্টে টর্চ রিলেতে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে তিনি তা করতে পারেননি।
২০১৯ সালে তাকে জীবিতদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী বলে স্বীকৃতি দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়েছিল- আপনার জীবনের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত কোনটি? জবাবে তানাকা বলেছিলেনÑ এখন। ঠিক এই মুহূর্তটা।
ক্যান তানাকার প্রতিদিনের রুটিন বর্ণনা করেছিলেন এভাবে- সকাল ৬টায় তিনি ঘুম থেকে জাগেন। বিকেলটা কাটে গণিত নিয়ে পড়াশোনা আর ক্যালিগ্রাফি নিয়ে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বলেছে, ক্যান তানাকার অতীত সময়ে প্রিয় খেলা ছিল ওথেলো। তিনি ক্লাসিক বোর্ড গেমে অভিজ্ঞ হয়ে উঠেছিলেন। মাঝে মাঝেই তিনি রোস্ট-হোমের স্টাফদের পরাজিত করতেন। ১৯শে এপ্রিল তিনি মারা যাওয়ার পর স্থানীয় গভর্নর সিতারো হাত্তোরি প্রশংসা করেছেন তার জীবন নিয়ে। গভর্নর বলেছেন, এ বছর প্রবীণ দিবসে ক্যান তানাকার প্রতি সম্মান দেখানোর কথা ভাবছি আমরা। তার প্রিয় সোডা এবং চকোলেটের সঙ্গে এদিনটি আমরা একসঙ্গে উদযাপন করবো। তার মৃত্যুর খবরে আমি চরমভাবে বেদনাহত।
উল্লেখ্য, বিশ্বে সবচেয়ে বেশি প্রবীণ আছেন জাপানে। বিশ্বব্যাংকের তথ্যমতে, দেশটিতে শতকরা প্রায় ২৮ ভাগ মানুষের বয়স ৬৫ বছর বা তারও বেশি। এ যাবত বিশ্বে সবচেয়ে বেশি বয়সী মানুষের রেকর্ড ফরাসি এক নারী জ্যাঁ লুইস ক্যালমেন্ট। তিনি ১৯৯৭ সালে ১২২ বছর ১৬৪ দিন বয়সে মারা যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button