আন্তর্জাতিক সংবাদশিরোনাম

সমুদ্র দেবীর ইচ্ছায় প্রেসিডেন্ট নির্বাচনে

তাইওয়ানের ইলেক্ট্রনিক কোম্পানি ফক্সকনের প্রতিষ্ঠাতা ধনকুবের টেরি গৌ সম্প্রতি জানিয়েছেন,তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। পাশাপাশি তিনি উল্লেখ করেন,সমুদ্রদেবীর অনুমোদন পাওয়ার পরই তিনি নির্বাচনে অংশ নিতে আগ্রহী হয়েছেন।
তাইওয়ানের বিরোধী দল কুয়োমিনতাং এর হয়ে প্রেসিডেন্ট পদে মনোনয়ন লাভের জন্য লড়াই করবেন তিনি। প্রসঙ্গত,কুয়োমিনতাং চীনের প্রতি অনেকবেশি বন্ধুত্বপূর্ণ নীতিতে বিশ্বাসী একটি দল।
টেরি গৌ তাইওয়ানের ধনী ব্যক্তিদের অন্যতম।বুধবার কুয়োমিনতাং এর প্রধান কার্যালয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। এই ঘোষণা দেয়ার আগে তিনি রাজধানী তাইপের একটি মন্দিরে যান। সেখানে উপস্থিত থাকা ভক্তদের জানান, সমুদ্র দেবীর আশীর্বাদে তিনি রাজনীতি করতে চান।
তিনি বলেন,‘তিন দিন আগে সমুদ্র দেবী মাজু স্বপ্নে আমাকে দেখা দেন। তাইওয়ানের সমাজে যে এতো বিভেদ তা তার পছন্দ হয়নি। তাই তিনি আমাকে কিছু করার জন্য নির্দেশ দিয়েছেন। ’
এই ধনকুবের জানান,শৈশব থেকেই তার উপর মাজুর আশীর্বাদ রয়েছে। তার কারণেই তিনি এই পর্যায়ে পৌঁছতে পেরেছেন। নিজেকে মাজুর ধর্মপুত্র বলে উল্লেখ করেন তিনি।
নির্বাচনে অংশ গ্রহণের ব্যাপারে টেরি গৌ জানান,তাইওয়ান প্রণালীজুড়ে যেন শান্তি প্রতিষ্ঠিত হয় সেজন্য সমুদ্র দেবী মাজু তাকে অনুপ্রাণিত করেছেন।
প্রযুক্তিখাতের একজন ধনকুবের টেরি গৌ যদি কুয়োমিনতাং এর হয়ে প্রেসিডেন্ট মনোনয়ন পান তাহলে বর্তমান প্রেসিডেন্ট সাই ইং ওয়েন এর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ একজন প্রতিদ্বন্দ্বী হওয়ার সম্ভাবনা রয়েছে তার। প্রসঙ্গত, সাই ইং ওয়েন তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট।তবে বর্তমানে তার জনপ্রিয়তা একদম তলানিতে গিয়ে ঠেকেছে। ২০২০ সালের জানুয়ারিতে তাইওয়ানে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য,চীনের দক্ষিণাঞ্চলে সমুদ্র দেবী মাজুর ব্যাপক উপাসনা করা হয়।এছাড়া তাইওয়ান, মালয়শিয়া,ভিয়েতনামের মত দেশে যেখানে তাওবাদী এবং চীনা বৌদ্ধ সম্প্রদায়ের বিপুল মানুষ বাস করেন সেখানেও মাজু দেবীর পূজা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button