শিরোনামশীর্ষ সংবাদ

সভ্য দেশ কীভাবে খুনিকে আশ্রয় দেয়-প্রধানমন্ত্রী

একটি সভ্য দেশ কীভাবে খুনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে আশ্রয় দিতে পারে বলে প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডার সেন্টার মন্ট রয়েলে সেখানকার আওয়ামী লীগ শাখা কর্তৃক আয়োজিত এক সংবর্ধনায় এ কথা বলেন তিনি।
এ সময় শেখ হাসিনা কানাডার প্রবাসী বাংলাদেশিদের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ‘যতো দূর জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন খুনী যুক্তরাষ্ট্রে পালিয়ে আছে। একজন কানাডায়, দুজন পাকিস্তানে এবং দুজনের কোনো খোঁজ নেই। আপনারা এখানকার জনপ্রতিনিধিদের চিঠি লিখুন, কেনো তারা বঙ্গবন্ধুর খুনীদের আশ্রয় দিয়েছে। তাদের মধ্যে চেতনা জাগ্রত করুন।’
প্রধানমন্ত্রী বলেন যে, বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও কানাডাকে বলা হয়েছে কেনো তারা খুনীদের আশ্রয় দিচ্ছে। কানাডা বলেছে, তাদের সংবিধানে ‘খুনের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিকে আশ্রয় দেয়ার’ কথা বলা আছে। প্রধানমন্ত্রী ‘এটা কী ধরনের কথা’ বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তুলেছেন।
প্রধানমন্ত্রী এ সময় আরো প্রশ্ন তুলেন যে, তাহলে কি যে কোনো খুনী আশ্রয় চাইলেই এ সব তাদের আশ্রয় দিবে। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনীদের বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তি ভোগ করতে হবে।’
এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন যে, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে অনেক বড় জায়গা থেকে তাকে ফোন করা হয়েছিলো। কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন যে, বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন। বিচার অনুযায়ী তাদের যে শাস্তি হবে, তা কার্যকর করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button