সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা: অনুশীলন ৬৪- ‘যতদিন পারেন কাজের মধ্যেই থাকুন’
প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এ নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজেস ফর সাকসেসফুল লিভিং’। এবং আমরা বইটি অনুবাদ করছি “সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা” শিরোনামে। সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ৬৪ নম্বর বিষয়টি সম্পর্কে।
অনুশীলন ৬৪- ‘যতদিন পারেন কাজের মধ্যেই থাকুন’
অবসরে চলে যাওয়া এতোটাও সহজ নয়। প্রতি মুহূর্তে মনে হবে আপনার দম বন্ধ হয়ে আসছে। সুইস অর্থনীতিবিদ জোসেফ যুইমুলারের মতে, অবসরপ্রাপ্ত হবার বয়স আসার আগেই আপনি যদি অবসরে চলে যান তবে সেটি আপনার আয়ু থেকে দুই মাস কমিয়ে দেবে। আপনি যদি আপনার সুন্দর ও শুভ্র সময়গুলো অবসরে যাওয়ার অপেক্ষায় বাঁচিয়ে রাখেন, তবে আপনি নিশ্চিত ভুল করছেন। ধকলবিহীন, আরামদায়ক এবং সুস্থ জীবন যাপন করার চেষ্টা করুন যেন অবসরে গেলেও সে সময়টা আপনি উপভোগ করতে পারেন।
একটি দারুণ ফ্রেঞ্চ প্রবাদ আছে যে, আমরা আমাদের জীবনের প্রথম অর্ধেক সময় দ্বিতীয় অর্ধেকের আশায় কাটাই এবং দ্বিতীয় অর্ধেক সময় প্রথম অর্ধেকের ব্যাপারে হা-হুতাশ করে কাটাই। আমাদের আশা ও আকাঙ্ক্ষা কেমন, তার ওপর অনেক কিছু নির্ভর করে। আমি সাম্প্রতিককালে কিছু অবসরপ্রাপ্ত লোকজনের সঙ্গে সময় কাটিয়েছি এবং তাদের জিজ্ঞেস করেছি যে তরুণ প্রজন্মের জন্য তাদের উপদেশ কী। তাদের মধ্যে সকলেই কমন কিছু উত্তর দিয়েছেন-
* নিয়মিত ব্যায়াম করে এবং সুষম ও স্বাস্থ্যকর খাবার খেয়ে শরীর ঠিক রাখুন।
* আরো বেশি ভ্রমণ করুন এবং অবসরের পরে যাওয়ার জন্য খুব বেশি কিছু ঠিক করে রাখবেন না। যাবতীয় সকল স্বপ্ন ও লক্ষ্য তরুণ অবস্থায় পূরণ হওয়াই সমীচীন।
* অবসরে যাওয়ার জন্য তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। একেবারে চলে যাওয়ার চাইতে ধীরে-সুস্থে যাওয়া ভালো।
সে ব্যক্তিত্বে পরিণত হন যাকে আপনি অবসরে যাওয়ার পর দেখতে চান
নিজের চেষ্টায় এমন জীবন তৈরি করুন যেন অবসরে যাওয়ার কথা আপনার মনে না আসে। বেতনভুক্ত কর্মচারীদের জন্য এটি বেশ শক্ত হতে পারে, তাদের একটি নির্দিষ্ট সময়ে অবসরে যাওয়াই শ্রেয়।
আজ এ চারটি কাজ করুন, মনে করুন আপনি অবসরে চলে গিয়েছেন-
* ধকলগুলো দূরে সরিয়ে আরাম করুন
* অতিরিক্ত ব্যস্ততা কিংবা বেকারত্বের অভিযোগ করবেন না
* সামনে যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন
* নিজস্ব কাজ এবং শখ পূরণের জন্য সময় বের করুন
সাম্প্রতিক সময়ে আমার এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল যে সারা জীবন পরিকল্পনা করে রেখেছিলো যে অবসর গ্রহণের পর প্রতিদিন গলফ খেলবে। কিন্তু এখন সে খেয়াল করে দেখলো যে গলফ নিয়মিত খেলতে তার খুব বিরক্তিকর লাগছে। অথচ সে জীবনের প্রথম ভাগে কিন্তু স্বপ্ন দেখেছিলো এটিরই!


