সপরিবারে করোনামুক্ত নারায়ণগঞ্জের আলোচিত নারী কাউন্সিলর বিন্নী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি সপরিবারে করোনা থেকে মুক্তি পেয়েছেন।
রোববার বিকেলে করোনামুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সাবেক প্যানেল মেয়র ও বর্তমানে ১৩, ১৪, ১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি দেশ রূপান্তরকে বলেন, মহান আল্লাহ পাকের অশেষ রহমত এবং সকলের দোয়ায় আমি এবং আমার মেয়ে তাসনিমা মুন ও ছেলে মেরাজ আহমেদের করোনা নেগেটিভ এসেছে।
এর আগে ৪ জুলাই কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী এবং তার দুই সন্তান করোনায় আক্রান্ত হন।
শারমিন হাবিব বিন্নি বলেন, আল্লাহর অশেষ রহমত আর সাধারণ মানুষের দোয়া ও ভালোবাসায় সপরিবারে করোনা মুক্ত হয়েছি। আমি প্রথমেই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শুভাকাংক্ষীদের প্রতি। আমার করোনা পজিটিভ হওয়ার খবর শুনে অনেকেই ফোন করেছেন, শারিরীক খোঁজ খবর নিয়েছেন। পাশাপাশি অনেকেই আমাকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন। তাদের এই ভালোবাসা কখনো ভুলবার নয়।
তিনি বলেন, আমি সবসময় চেষ্টা করেছি মানুষকে কাছ থেকে সেবা করে যেতে। করোনার শুরু থেকেই আমার ওয়ার্ডের প্রতিটি এলাকায় অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌছে দেয়ার চেষ্টা করেছি। যতোদিন বেঁচে আছি, এভবেই মানুষের সেবা করে যাবো ইনশাআল্লাহ।
জানা গেছে, করোনা মহামারীর শুরু থেকেই সাধারণ মানুষের সেবায় মাঠে ছিলেন কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী। গত ৩ মাস ধরে কয়েক হাজার হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ পৌঁছে দিয়ে আলোচনায় আসেন তিনি। নিজ উদ্যোগেও কয়েক ধাপে প্রায় ২ হাজার পরিবারকে সহায়তা প্রদান করেন।
একই সাথে মহামারীর শুরুতে সংক্রমণ রোধে সাধারণ মানুষের মাঝে কয়েক হাজার মাস্ক ও স্যানিটাইজার বিতরণের পাশাপাশি নিজের তিনটি ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে করার কাজ করেছেন বিন্নি। দেশ রূপান্তর



