সন্ত্রাস এবং উগ্রবাদ দমনে সম্ভব সবকিছু করবে বিএনপি

দেশের সন্ত্রাস এবং উগ্রবাদ দমনে কর্মসূচির ইঙ্গিত দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যদি জাতীয় ঐক্য গঠন না হয় তাহলে দেশের জনগণের প্রতি কর্তব্যবোধ থেকে উগ্রবাদ এবং সন্ত্রসাবাদ দমনে যা কিছু করা সম্ভব বিএনপি তাই করবে। এ বিষয়টি এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। সবকিছু পর্যালোচনা করে কর্মসূচি ঘোষণা করা হবে। বিএনপি চেয়ারপারসন নিজে এই কর্মসূচি ঘোষণা করবেন।
শনিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কথা বলেন।
তিনি বলেন, উগ্রবাদ মোকাবিলায় খালেদা জিয়ার জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন তা দেশে-বিদেশে খুবই প্রশংসিত হয়েছে। কিন্তু বেগম জিয়ার জাতীয় ঐক্যের ডাকে সাড়া না দিয়ে আওয়ামী লীগ সরকার জাতিকে বিভক্ত করে সন্ত্রাস ও উগ্রবাদের পক্ষ নিয়েছে। শুধু তাই নয় আওয়ামী লীগের কিছু মন্ত্রী-এমপি এখনো এ নিয়ে ব্লেইম গেম খেলছে।
বর্তমানে জামায়াত নাকি জাতীয় ঐক্য বড় ইস্যু? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম খান বলেন, আপনারা (সাংবাদিক) একটি আরেকটির অল্টারনেটিভ করছেন কেনো? যখন আলোচনা শুরু হবে তখন দেখা যাবে এবং দলীয় ফোরামে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
নজরুল ইসলাম খান সম্প্রতি ফ্রান্সে নিস শহরে সন্ত্রাসীদের ট্রাক চাপায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে এ ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হারুন অর রশিদ, মুজিবুর রহমান সারোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।




