বিনোদন

সঞ্জয়কে ভারমুক্ত করলেন দীপিকা

বলিউডের খ্যাতিমান পরিচালক সঞ্জয় লীলা বানসালি এখন অনেকটাই ভারমুক্ত। এর কারণ আলোচিত ছবি ‘পদ্মাবতী’র মূল চরিত্র দীপিকা পাড়ুকোন শেষ করেছেন তাঁর অংশের শুটিং। ডিএনএ ইন্ডিয়া জানিয়েছে, মূল চরিত্রের শুটিং শেষ হওয়ায় এখন অনেকটাই হাঁফ ছেড়েছেন পরিচালক সঞ্জয়, কারণ ছবিটি নিয়ে কম ঝামেলা তো হয়নি!
পদ্মাবতীর সেটের একটি সূত্র জানায়, ‘দীপিকা চলচ্চিত্রে তাঁর অংশের শুটিংয়ের কাজ শেষ করে ফেলেছেন। তবে আরো পাঁচদিন শুটিংয়ে আসবেন তিনি। যদি চলচ্চিত্রে জোড়াতালির কোনো প্রয়োজন হয় তাহলেই ডাকা হবে দীপিকাকে। আর এই জোড়াতালির কাজ তখনই শুরু হবে, যখন রণবীর সিং ও শহিদ কাপুর চলচ্চিত্রে তাঁদের নিজেদের অংশের শুটিং শেষ করবেন।’
পদ্মাবতী চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাডুকোন। সাম্প্রতিক একটি টুইটে ‘বাজিরাও মাস্তানি’ খ্যাত এই অভিনেত্রী পদ্মাবতীকে তাঁর অভিনয় জীবনের সবচেয়ে কঠিন চরিত্র হিসেবে আখ্যা দেন। রানি পদ্মাবতীর উপাখ্যানের ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে ‘পদ্মাবতী’ ছবিটি। ছবিটিতে রণবীরের চরিত্রের নাম আলাউদ্দিন খিলজি। ছবিটিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। অন্যদিকে, মেওয়ারের শাসক রাজা রতন সিংয়ের চরিত্রে অভিনয় করছেন শহিদ কাপুর।
এটি বানসালির পরিচালনায় দীপিকার তৃতীয় চলচ্চিত্র। প্রথম দুটি চলচ্চিত্রের নাম ছিল ‘বাজিরাও মাস্তানি’ ও ‘গলিও কি রাসলীলা রামলীলা’। ‘পদ্মাবতী’ ছবিটি এ বছরের ১৭ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button