
স্বীকৃতি বিশ্বাস, যশোর: শ্রমিকনেতা কৃষ্ণা সরকার-এর ওপর হামলাকারী সন্ত্রাসী রাজেন্দ্র ওরফে রাজুকে গ্রেফতার ও বিচার দাবিতে যশোর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৭ জুন) শনিবার দুপুর ১২টায় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা কমিটির উদ্যোগে পাইপপট্টি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক, রেল শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় অন্যতম শ্রমিকনেতা কৃষ্ণা সরকার-এর ওপর হামলাকারী সন্ত্রাসী রাজেন্দ্র ওরফে রাজুকে গ্রেফতার ও বিচার দাবিতে শহরে বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে সভাপত্বি করেন জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস।
জেলা সহ-সাধারণ সম্পাদক কামরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, জেলা যুব সম্পাদক ও ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সাংগঠনিক সম্পাদক কামাল পারভেজ বুলু এবং জেলার অন্যতম নেতা ও ট্রেড ইউনিয়ন সংঘের জেলা প্রচার সম্পাদক আইয়ুব হোসেন প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারী, মাদকসেবী, সন্ত্রাসী রাজেন্দ্র ওরফে রাজুকে গ্রেফতার ও বিচার দাবি করেন। নেতৃবৃন্দ বলেন, শ্রমিকনেতা কৃষ্ণালাল সরকার দীর্ঘদিন যাবৎ যশোরের শ্রমিক আন্দোলনের পরিচিত মুখ। তিনি হোটেল শ্রমিক, রেলওয়ে শ্রমিক, পৌরসভার শ্রমিক-কর্মচারীসহ বিভিন্ন শ্রমিক-শ্রমজীবীদের পাশাপাশি হরিজনের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্বকারী ভূমিকা পালন করার কারণে সাধারণ শ্রমিকদের কাছে গ্রহণযোগ্যতা বেড়েছে, তেমনি বিপরীত পক্ষে প্রতিক্রিয়াশীল মহলসহ যাদের স্বার্থে আঘাত লেগেছে তাদের চক্ষুশোলও হতে হয়েছে। নেতৃবৃন্দ শ্রমিকনেতা কৃষ্ণালাল সরকারের ওপর সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।



