sliderস্থানিয়

শিশুশিক্ষার্থীকে নির্যাতন, জেলাজুড়ে ক্ষোভ, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জে ৯ বছরের এক মাদ্রাসাছাত্রকে নির্মম নির্যাতনের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মোঃ সাকির আলীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। তাকে আজ দুপুরে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

নির্যাতনের শিকার শিশু মোঃ নুর ই সাফি (০৯) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই আল হিদায়া হিফজুল কুরআন মডেল মাদ্রাসার ৩য় শ্রেণির নাজেরা বিভাগের শিক্ষার্থী। অভিযুক্ত সাকির আলী একই মাদ্রাসার শিক্ষক।

মামলার এজাহার ও পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৩ মে বুধবার সকালে ক্লাস চলাকালে শিশু শিক্ষার্থী নুর ই সাফিকে কাঠের স্কেল দিয়ে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে তাকে গলা টিপে শ্বাসরোধের চেষ্টা করা হয় এবং শূন্যে তুলে মেঝেতে আছড়ে ফেলে মাথায় আঘাত করা হয়।

ঘটনার পর শিশুটি কান্নাজড়িত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সব খুলে বলে। পরে পরিবারের লোকজন মাদ্রাসায় গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে সেখানে নির্যাতনের ভয়াবহ দৃশ্য দেখতে পান বলে জানান।

ইতোমধ্যে সেই সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, শ্রেণিকক্ষের ভেতরে অন্য শিক্ষার্থীদের সামনেই শিশুটির ওপর চরম নির্যাতন চালানো হচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওই মাদ্রাসা এলাকা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার কথা স্বীকার করেছেন। এছাড়াও সিসিটিভি ফুটেজে নির্যাতনের সত্যতা পাওয়া গেছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত শিক্ষককে আজ দুপুরে আদালতে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button