
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে ৫৯ বিজিবির অধীন চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার সীমান্ত মেইন পিলার ১৮৩-এর নিকট শূন্য রেখা থেকে প্রায় ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। ২ হাজার ৮৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (টেনসিওইন) এবং ৩০ বোতল ফেন্সিডিলের বিকল্প নেশাজাতীয় ‘এস্কাফ ডিএক্স’ সিরাপ উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গত দুই মাসে ৫৯ বিজিবি সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে প্রায় ২ হাজার বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন নেশাজাতীয় সিরাপ এবং ২১ হাজার নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা চলমান থাকবে।



