বিনোদন

শাহরুখকে ঘিরে চীনের মেয়েভক্তদের কাণ্ড!

ভারতসহ বিশ্বজুড়েই শাহরুখ খানের রয়েছে অগণিত ভক্ত ও অনুরাগী। বিশেষ করে নারীকুলে এই সুপারস্টারের রয়েছে তুমুল জনপ্রিয়তা। তবে চীনা কন্যাদের কাছেও কম প্রতীক্ষিত পুরুষ নন তিনি। অন্তর্জালের একটি ভিডিও সেই প্রমাণই দিচ্ছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, চীনের একটি বিমানবন্দরে তরুণীরা ঘিরে ধরেছেন বলিউড বাদশাহকে। সেলফি তুলছেন একের পর এক। কয়েকজন তো চুমু দিতেও ভুল করেননি।
কিং খানকে দেখে যেন আকাশের চাঁদ পেয়েছেন চীনের তরুণীরা। আবেগ সংযত রাখতে পারেননি তাঁরা। সেলফির সঙ্গে চুমুও দিয়েছেন ওই তরুণীরা। বিমানবন্দর ছাড়ার পর আনন্দে চোখে জল চলে এসেছিল অনেক ভক্তের। অনেকে তাঁদের উত্তেজনা প্রকাশ করেছেন একে অন্যকে আলিঙ্গন করে।
গত এপ্রিলে চীনে ভ্রমণ করেন শাহরুখ খান। চীনেও যে তুমুল জনপ্রিয় তিনি, তা প্রত্যক্ষ করেছেন সবাই। টুইটারে সেই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন শাহরুখও। ভক্তদের ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। শাহরুখ লিখেছিলেন, ‘উপহার, ফুল ও চুমুর জন্য ধন্যবাদ। আমি চিরকালই লাল!’
শাহরুখ খান এখন ক্যারিয়ারের সেরা সময় পার করছেন না। তাঁর সর্বশেষ একাধিক সিনেমা বক্স অফিসে প্রত্যাশিত ফল পায়নি। গেল ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘জিরো’ বক্স অফিসে আক্ষরিক অর্থেই জিরো হয়েছে। এ ছবির ব্যর্থতার পর পরবর্তী সিনেমা নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারছেন না এ তারকা।
কিছুদিন আগে চায়না রেডিও ইন্টারন্যাশনালকে (হিন্দি) শাহরুখ খান বলেছেন, ‘এখন (অভিনয়) করার মতো অবস্থায় নেই। ভাবছি সিনেমা দেখে, চিত্রনাট্য আর বই পড়ে সময় কাটাব। আমার সন্তানরা কলেজজীবন শেষ করতে চলেছে। সুহানা এখনো কলেজে পড়ছে, আশা করি এক বছরের মধ্যেই কলেজ থেকে বেরিয়ে যাবে আরিয়ান। এখন আমার পরিবারকে আরো সময় দিতে চাই।’
শাহরুখ আরো বলেন, ‘কোথাও বলেছিলাম, আগামী জুনে পরবর্তী প্রকল্পের সিদ্ধান্ত জানাব। কিন্তু জুনে সেটা পারব না। যেদিন হৃদয় থেকে অনুভব করব, সেদিনই কেবল সিনেমা করব। মন চাইলেই কেবল আমি অভিনয় করি, কিন্তু এই সময় মন চাইছে না। অনেক মানুষ আমাকে গল্প বলেছে, ১৫ থেকে ২০টি গল্প শুনেছি, দু-তিনটা পছন্দও হয়েছে। কিন্তু কোনটা করব, সে সিদ্ধান্ত নিতে পারিনি। কারণ, সিদ্ধান্ত নিলেই সিনেমার কাজ শুরু করে দিতে হবে। আমাকে সম্পূর্ণভাবে সেটার প্রতি মনোযোগ দিতে হবে।’
শাহরুখ খান আপাতত অভিনয় না করলেও নিজের প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত রয়েছেন। তাঁর প্রতিষ্ঠান থেকে সর্বশেষ মুক্তি পাওয়া ‘বদলা’ বক্স অফিসে ভালো আয় করেছে। সূত্র : ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button