
ভার্চুয়াল নয়, শারীরিক উপস্থিতিতেই এবারের অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে। এর জন্য সম্ভাব্য তিনটি তারিখ প্রস্তাব করবে সংস্কৃতি মন্ত্রণালয়। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার বাংলা একাডেমিতে বইমেলা সংশ্লিষ্টদের এক বৈঠকের পর সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ উপস্থিত সাংবাদিকদের এক কথা জানান। বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বদরুল আরেফীন, বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে প্রতি বছরের মতো এবার পয়লা ফেব্রুয়ারি বইমেলা শুরু করা যাচ্ছে না। ভার্চুয়াল বইমেলার প্রস্তাব এসেছে। কিন্তু ভার্চুয়াল নয়, শারীরিক উপস্থিতিতেই বইমেলা হবে। সম্ভাব্য তারিখ হিসেবে ২০ ফেব্রুয়ারি, ৭ মার্চ অথবা ১৭ মার্চ প্রস্তাব করা হবে। তবে বইমেলার তারিখ চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই তিনটি তারিখে মেলা হতে পারে। অথবা প্রধানমন্ত্রী নতুন তারিখও নির্ধারণ করতে পারেন।




