খেলা

শামির কাছে মামলায় হারলেন হাসিন!

বেশ কিছুদিন আগে ভারতীয় পেসার মোহাম্মদ শামির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। নারী কেলেঙ্কারি তো বটেই, এমনকি ম্যাচ ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগও আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, প্রথম দফায় হেরেছেন হাসিন জাহান। গত বৃহস্পতিবার আলীপুর আদালত হাসিনের মাসে সাত লাখ রুপির খোরপোশের আবেদন খারিজ করে দেন। তবে মেয়ের পড়াশোনার খরচ বাবদ মাসিক ৮০ হাজার রুপি শামিকে দিতে বলা হয়েছে।
এ ব্যাপারে শামির আইনজীবী সেলিম রহমান বলেন, ‘আগেই আমরা আদালতকে জানিয়েছিলাম মেয়ের পড়াশোনার সব খরচ দেওয়া হবে। আদালতে তা মঞ্জুর হয়েছে। তবে হাসিন মডেলিংয়ের দুনিয়ায় ফিরে গেছেন, তাই এই মুহূর্তে খোরপোশ দেওয়ার প্রয়োজন নেই। আদালত তাতে একমত হয়েছেন।’
এর আগে হাসিনের এমন অভিযোগের ভিত্তিতে ভারতীয় বোর্ড কেন্দ্রীয় চুক্তি থেকে শামিকে বাদ দিয়েছিল। অবশ্য তদন্ত শেষে ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণিত না হওয়ায় আবার তাঁকে চুক্তিতে ফিরিয়ে আনে বিসিসিআই ।
আইপিএলে হাসিনের সঙ্গে পরিচয় হয়েছিল শামির। বছর চারেক আগে দুজন আবদ্ধ হয়েছিলেন বিবাহ বন্ধনে। তবে সংসারে সুখের সন্ধান মেলেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button