শহীদ মিনার ভেঙে বাবার মুর্যাল তৈরি করছেন এমপি

পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ডিগ্রি কলেজের ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার ভেঙে বাবার মুর্যাল তৈরি করেছেন স্থানীয় সংসদ সদস্য (পাবনা-২) আহমেদ ফিরোজ কবির। আর এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফজলুল হক বলেন, ‘কলেজ পরিচালনা কমিটি জেলা ও উপজেলা প্রশাসনের পরামর্শে জায়গা নির্ধারণ করে সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের অর্থায়নে মুর্যাল নির্মাণ করা হচ্ছে। শহীদ মিনারটি জীর্ণ দশায় ছিল। আগামী ২১ ফেব্রুয়ারির পূর্বেই কলেজ মাঠের দক্ষিণ পাশে বড় পরিসরে শহীদ মিনার নির্মাণ করা হবে।’
তিনি আরো বলেন, ‘এমপি মহোদয়ের পিতা মরহুম তফিজ উদ্দিন আহমেদ যেহেতু সাবেক সংসদ সদস্য এবং তিনি কলেজটিতে বিভিন্ন সময়ে সাহায্য সহযোগিতা করেছেন, তাই তার স্মৃতি রক্ষার্থে এই মুর্যালটি নির্মিত হচ্ছে।’
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, শিক্ষা প্রতিষ্ঠানের মতো স্থানে ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার ভেঙে ব্যক্তি বিশেষের মুর্যাল তৈরি করা চরম নিন্দনীয় ও গর্হিত কাজ। একই সাথে তারা এর নিন্দা ও প্রতিবাদ জানান।
সভাপতি স্বীকার করলেও কলেজের অধ্যক্ষ ও কলেজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ বাচ্চু বলেন, ‘কে বা কারা এমপি মহোদয়ের পিতার মুর্যাল নির্মাণ করছেন, আমার কিছুই জানা নেই।’ তবে এতে কোনো সমস্যা দেখছেন না তিনি।
অধ্যক্ষ বাছেদ বলেন, ‘শহীদ মিনারের নির্দিষ্ট কোনো স্থান নেই, যে কোনো জায়গায় স্থাপন করা যায়। শহীদ মিনার ভেঙে মুর্যার নির্মাণে সমস্যা কোথায়? তবে শহীদ মিনার অচিরেই করা হবে।’
এ বিষয়ে পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই, খোঁজ খবর নিয়ে দেখছি। তবে এটি মূলত নীতি-নৈতিকতার বিষয়।’ শহীদ মিনার ভেঙে মুর্যাল নির্মাণের বিষয়টি ভাষা শহীদদের স্মৃতির প্রতি অবমাননার শামিল বলে মন্তব্য করেন তিনি।
তবে এ বিষয়য়ে নিয়ে সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের কোন বক্তব্য পাওয়া যায়নি।
বাংলা




