লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিল হংকংয়ের পত্রিকা

চীনা বিতর্কিত আইনে মালিক গ্রেপ্তারের পর লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিল হংকংয়ের দৈনিক ট্যাবলয়েড পত্রিকা অ্যাপল ডেইলি।
বিবিসি জানায়, হংকংয়ের ওপর আরোপ করা বেইজিংয়ের বিতর্কিত নিরাপত্তা আইনে সোমবার পত্রিকাটির মালিক জিমি লাই গ্রেপ্তার করা হয়।
চীন থেকে হংকংয়ে নতুন ‘নিরাপত্তা আইন’ পাশ করার এক মাসের মাথায় প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্ব জিমি লাইকে গ্রেপ্তার করেছে স্থানীয় প্রশাসন।
‘বিদেশি শক্তির সঙ্গে জোটবদ্ধ’ হয়ে কাজ করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
পরদিন মঙ্গলবার পত্রিকার প্রথম পাতায় লাইয়ে গ্রেপ্তারের ছবিসহ সংবাদ প্রকাশ করে অ্যাপল ডেইলি।
ওই খবর প্রকাশের পর পত্রিকার দোকানগুলো থেকে অ্যাপল ডেইলি পত্রিকাটি লাইন ধরে কিনেছে হংকংয়ের জনগণ।
বিক্রেতারা জানায়, এদিন অল্প সময়ের মধ্যেই হংকংয়ের জনপ্রিয় পত্রিকাটির বিক্রি শেষ হয়ে গেছে।
অ্যাপল ডেইলি কর্তৃপক্ষ থেকে জানানো হয়, তাদের মালিক গ্রেপ্তারের পর তারা পত্রিকাটির ৫০ হাজারের বেশি কপি ছাপিয়েছে। সাধারণ দিনগুলোতে তারা পত্রিকাটির ১ লাখ কপি ছাপিয়ে থাকে।
বেইজিংয়ের সমালোচনা করায় অ্যাপল ডেইলি পত্রিকার মালিক লাইকে বীর হিসেবে দেখে হংকংয়ের বাসিন্দারা। তবে চীন লাইকে একজন বিশ্বাসঘাতক হিসেবেই বিবেচনা করে।
এদিকে লাইকে গ্রেপ্তারের পর চীনা স্বায়ত্তশাসিত অঞ্চলটির তরুণ সংগঠক অ্যাগনেস চও এবং ফ্রিল্যান্স সাংবাদিক উইলসন লিকে একই আইনে গ্রেপ্তার করে।




