রাজনীতি

রোহিঙ্গা সঙ্কট সমাধানে সরকারকে সহযোগিতা করবো : জয়নুল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সরকারের উদ্দেশে বলেছেন, রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমার সরকারকে বাধ্য করতে সক্রিয় কূটনৈতিক তৎপরতা গ্রহণ করুন। আমরা সরকারকে সহযোগিতা করবো। তাদের খাদ্য, নিরাপত্তা, চিকিৎসার ব্যবস্থা করা হোক। সেইসাথে সক্রিয় কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে মিয়ানমার সরকারকে বাধ্য করা হোক রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে।
আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধ, মানবতা বিরোধী অপরাধী মিয়ানমারের পণ্য বর্জনের দাবি’ শীর্ষক এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর এই কর্মসূচির আয়োজন করে।
সংগঠনের আহ্বায়ক শাহজাহান সাজুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বিএনপির সহ তথ্য গবেষণা সম্পাদক কাদের গণি চৌধুরী, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, বিএমএল মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, ন্যাপ ভাইস চেয়ারম্যান কাজী ফারুক হোসেন, যুগ্মমহাসচিব স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া প্রমুখ।
জয়নুল আবদিন ফারুক রোহিঙ্গা ইস্যুতে বলেন, ওরা হিন্দু না মুসলিম এটা জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, ওরা মানুষ। সেই মানবতার বিরুদ্ধে আজকে মিয়ানমার সরকার যুদ্ধ শুরু করেছে, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আসুন আমরা আজকে জনমত সংগঠিত করে সমগ্র বাংলাদেশেকে ঐক্যবদ্ধ করে আমরা মিয়ানমারের বিরুদ্ধে সোচ্চার হই তারা যেন এই গণহত্যা বন্ধ করে, রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যায়।
তিনি বলেন, সরকারপ্রধানকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাধুবাদ জানানোর পরই সরকারের উচিত ছিল দ্রুত সব দলের সমন্বয়ে গোলটেবিল বৈঠকের আহ্বান করা। দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে সরকারের উচিত সর্বদলীয় আলোচনার মধ্য দিয়ে রোহিঙ্গা সমস্যা মোকাবিলা করা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button