sliderরাজনীতিশিরোনাম

নওশাদের কাছে হারলেন সারজিস আলম, ববধান কত?

হেরে গিয়েও সৌহার্দ্যের নজির গড়লেন সারজিস আলম

পতাকা ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ (তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও অটোয়ারী) আসনে বিএনপি প্রার্থী নওশাদ জমির বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রভিত্তিক ফলাফলে তার বিজয় নিশ্চিত হয়।

ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১২৬ ভোট। ১৫৫টি কেন্দ্রের ফলাফলে বিজয়ের ব্যবধান দাঁড়ায় ৮ হাজার ৩০৪ ভোটে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। সংসদ নির্বাচনের পাশাপাশি দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী ২ হাজার ২৯ জন, এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

হেরে গিয়েও সৌহার্দ্যের নজির গড়লেন সারজিস আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে পরাজয়ের পর রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সারজিস আলম। ফলাফল ঘোষণার পর তিনি বিজয়ী প্রার্থী নওশাদ জমিরকে অভিনন্দন জানান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে শুভেচ্ছা জানান। এ সময় দুই পক্ষের নেতাকর্মীদের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়।

সারজিস আলম বলেন, ‘জনগণ যদি একজন প্রার্থীকে এক ভোটেও এগিয়ে রাখে, তাকে সম্মান জানানো নৈতিক দায়িত্ব। সেই জায়গা থেকেই অভিনন্দন জানাতে এসেছি।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা জরুরি। আগামী পাঁচ বছরে পঞ্চগড়-১ আসনের উন্নয়নে নবনির্বাচিত সংসদ সদস্য ভালো উদ্যোগ নিলে এনসিপি ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’

পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, যৌক্তিক বিষয়ে তাঁর দলও সহযোগিতা পাবে। তাঁর ভাষ্য অনুযায়ী, ‘দিনশেষে লক্ষ্য পঞ্চগড়কে এগিয়ে নেওয়া। রাজনৈতিক সম্পর্ক ইতিবাচক হলে উন্নয়ন ত্বরান্বিত হবে।’

সারজিস আলম পঞ্চগড়-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকেও অভিনন্দন জানান। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ‘দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে,’ বলে উল্লেখ করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button