পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, চীনে সফরকালে দেশটির প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছিল। তখন রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনাও হয়েছিল। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চীনের কাছে মিয়ানমার রাজনৈতিক অঙ্গীকার করেছে।
সোমবার (৮ জুলাই) গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন (জিসিএ) আয়োজন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের জন্য প্যারিস চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরে গেলেও কোনও সমস্যা হবে না বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরে যাওয়ায় প্রোগ্রাম বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু থেমে নেই।
আব্দুল মোমেন বলেন, এ বৈঠকের সুপারিশগুলো সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে পেশ করা হবে এবং আশা করা হচ্ছে, এটি গৃহীত হবে।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, আগামী ৯ থেকে ১০ জুলাই জিসিএ ঢাকা সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ড. হিলদা হেইন, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, বিশ্বব্যাংকের সিইও ক্রিস্টালিনাসহ জিসিএ’র কমিশনার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা যোগ দেবেন।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এসডিজি বিষয়ক) মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ।




