দ্বিতীয় দিনেও কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে তিনি মেরিন ড্রাইভ হয়ে টেকনাফের নাফনদীর সীমান্তের হারিয়াখালী রোহিঙ্গা ত্রাণকেন্দ্র ও লেদা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। ত্রাণকেন্দ্রে পরিদর্শনে গিয়ে শাহপরীরদ্বীপ ভাঙ্গা এলাকায় যান এসময় সেখানে শিশুদের সাথে কথা বলেন। তিনি বেশ কয়েকজন শিশুর স্বাস্থ্য ও পড়ালেখার খোজঁ নেন। এরপর লেদা মেকসিফট সেটেলমেন্ট ক্যাম্পে যান। বেলা ১২টার দিকে উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এসময় তিনি রোহিঙ্গাদের সাথে কথা বলেন। রোহিঙ্গা বেশ কয়েকজন শিশুর খবর নেন এবং তাদের সাথে সময় কাটান। পরে দুপুর ১টার দিকে তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে টেকনাফ ত্যাগ করেন। ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়ে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে ৪ দিনের সফরে বাংলাদেশে এসেছেন ‘ফ্যাশন’ খ্যাত এই অভিনেত্রী।
হলিউডেও খ্যাতির তুঙ্গে থাকা ভারতীয় এই অভিনেত্রী গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিমানব যোগে কক্সবাজার পৌছেন। কক্সবাজার বিমানবন্দর থেকে প্রিয়াঙ্কা চোপড়া সড়কপথে গিয়ে ইনানীর হোটেল রয়েল টিউলিপে যান। সেখান থেকে বিকেল ৪টায় তিনি মেরিনড্রাইভ সড়ক হয়ে টেকনাফের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এর শুভেচ্ছা দূত হিসেবে ‘ফ্যাশন’ খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন।
উল্লেখ্য, রোহিঙ্গা শরণার্থীদের দেখতে ইউনিসেফের শুভেচ্ছা দূত প্রিয়াংকা চোপড়া চার দিনের সফরে সোমবার ভোরে বাংলাদেশে আসেন। ঢাকা থেকে কক্সবাজারে গিয়ে সফরের প্রথম দিনে তিনি শামলাপুর রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। সফরের শেষ দিন বৃহস্পতিবার সকালে তিনি কক্সবাজার ত্যাগ করবেন।




