রোনালদোকে ছাড়াই ইতালিকে হারিয়ে দিলো পর্তুগাল

ইতালির শনির দশা যেন কাটছেই না। উয়েফা নেশনস লিগে প্রথম ম্যাচে ঘরের মাঠে পোল্যান্ডের কাছে হোঁচট খেয়েছে তারা। কোনোরকম ড্র করেছে ১-১ গোলে। দ্বিতীয় ম্যাচে তো হেরেই বসেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
সোমবার ক্রিশ্চিয়ানো রোনালদোবিহীন পর্তুগাল ১-০ গোলে হারিয়ে দিয়েছে তাদের। ‘এ’ লিগের তৃতীয় ম্যাচে পর্তুগিজরা জিতেছে আন্দ্রে সিলভার একমাত্র গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতে সিলভার করা এই গোলের ওপর দাঁড়িয়ে জয় দিয়ে ইউরোপের নতুন টুর্নামেন্ট শুরু হলো ফার্নান্দো সান্তোসের দলের।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই ইতালির রক্ষণকে তটস্থ রাখে পর্তুগাল। বেশ কয়েকটা সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত ঠিকানায় বল পাঠাতে পারেছিল না তারা। ২৭ মিনিটে বার্নাডো সিলভা তো প্রায় গোল পেয়েই যাচ্ছিলেন। কিন্তু গোললাইন থেকে বল ঠেকিয়ে পর্তুগিজ তরুণ ফরওয়ার্ডকে নিশ্চিত গোলবঞ্চিত করেন ইতালিয়ান ডিফেন্ডার অ্যালেস্যিসো রোমাগনোলি।
কয়েক মিনিট পরই ইতালি বেঁচে যায় ভাগ্যক্রমে। মারিও রুই শট নিয়েছিলেন। ইতালিয়ান মিডফিল্ডার ব্রায়ান ক্রিশ্চিয়ানের পা ছুঁয়ে ক্রসবারে লেগে ফিরে আসে। বারবার বেঁচে যাওয়া ইতালি কোনো গোল হজম না করেই বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গুঁড়িয়ে যায় ইতালির প্রতিরোধ। বিরতি থেকে ফিরেই দুর্দান্ত এক গোল করে পর্তুগালকে এগিয়ে দেন আন্দ্রে সিলভা (১-০)। সতীর্থ ফরওয়ার্ড ব্রুমা তার এই গোলের কারিগর। ৪৮ মিনিটে হওয়া এই গোলটার আর শোধ দিতে পারেনি রবার্তো মানচিনির ইতালি।



