রিজভী জামিনে কারামুক্ত
জামিনে কারামুক্ত হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান। ওই সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. নাশির আহমেদ সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে রিজভীর জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে তাকে মুক্তি দেয়া হয়।
গত ২৯ আগস্ট তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছিল।
এদিকে রুহুল কবির রিজভীকে কারা ফটকে স্বাগত জানাতে সকাল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ কারা ফটকে রিজভীকে স্বাগত জানান।
উল্লেখ্য, নাশকতার অভিযোগে ২০১৩ ও ২০১৫ সালে মতিঝিল, রমনা ও খিলগাঁও থানায় একটি করে এবং পল্লবী থানায় দুটি করে মামলা হয়। এসব মামলায় রিজভী গত ১৮ আগস্ট নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠান।




