রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারেন কারা? জানালেন মেসি

আগামী জুনে রাশিয়ায় আয়োজিত বিশ্বকাপে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার পথে সবচেয়ে বড় বাধা কোন দেশগুলো? এই ব্যাপারে মুখ খুললেন ক্যাপ্টেন লিওনেল মেসি। তিনি মনে করেন জার্মানি, ব্রাজিল, ফ্রান্স ও স্পেন আগামী বিশ্বকাপে খেতাব জয়ের বড় দাবিদার।
পাঁচবারের ফিফা বর্ষসেরা পুরস্কার পাওয়া মেসি এখনও পর্যন্ত মেজর কোনো ট্রফি আর্জেন্টিনাকে জেতাতে পারেননি। এটাই সম্ভবত তার শেষ সুযোগ। কারণ ২০২২ সালে দোহায় আয়োজিত বিশ্বকাপের সময় মেসির বয়স ৩৪ বছর অতিক্রান্ত হবে। তাই মেসি দলের সহ খেলোয়াড়দের সামনে শ্লোগান তুলছেন, ‘নাও অর নেভার’।
মেসি সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে যে চারটি দেশের নাম বলেছেন, তার সাথে আর্জেন্টিনাকে যোগ করলে দেখা যাচ্ছে, ওই পাঁচটি দেশ মোট ১৩বার বিশ্বকাপ জিতেছে। সুতরাং ফেবারিট চিহ্নিত করতে মেসি কোনো ভুল করেননি।
তবে ইংল্যান্ডকে হিসেবের মধ্যে রাখেননি মেসি। কারণ ১৯৬৬ সালে নিজেদের দেশে আয়োজিত বিশ্বকাপ জেতার পর থেকে ইংল্যান্ড মাত্র একবার এই প্রতিযোগিতার সেমি-ফাইনালে উঠতে সক্ষম হয়েছিল।
গোটা বিশ্বে সবচেয়ে বেশি নথিভুক্ত ফুটবলার রয়েছে ব্রাজিল, জার্মানি ও মেক্সিকোয়। এমনকী, উরুগুয়েকেও ধর্তব্যের মধ্যে রাখেননি মেসি। অথচ উরুগুয়েও দুইবার বিশ্বকাপ জিতেছে।
সবচেয়ে মজার ব্যাপার হল, ক্রিশ্চিয়ানো রোনালদো নেতৃত্বাধীন পর্তুগাল দলের নাম একবারও উল্লেখ করেননি মেসি। আয়োজক দেশ রাশিয়াও তার বিবেচনায় কোনো জায়গা পায়নি।




