বিবিধশিরোনাম

‘রাজধানীর মানিক মিয়া এভিনিউ মাসের প্রথম শুক্রবার ব্যক্তিগত গাড়িমুক্ত থাকবে’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজধানীর মানিক মিয়া এভিনিউতে প্রতি মাসের প্রথম শুক্রবার ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ থাকবে।’
শুক্রবার জাতীয় সংসদ ভবনের সামনে বিশ্ব ব্যক্তিগত গাড়ীমুক্ত দিবসের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস আমরা কাগজে লিখলাম, সুন্দর সুন্দর বক্তব্য দিলাম, বাস্তবতা যদি না থাকে তাহলে এসব কথা বলে লাভ নেই। শুধু মুখে নয়, আমরা গাড়িমুক্ত দিবসের যথার্থতা যেন উপলব্ধি করি এবং বাস্তবতা যেন প্রয়োগ করি।’
তিনি বলেন, ‘যোগাযোগ ব্যবস্থায় আমরা যে লক্ষ্যমাত্রা হাতে নিয়েছি তা ২০৩০ সালের মধ্যে যদি পূরণ করতে চাই, তাহলে অবশ্যই ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে। কাজেই ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ না করে শুধু সড়ক করলে কোনো সুবিধা পাবো না।’
ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট্রির প্রোগ্রাম ম্যানেজার মারুফ হোসেন, নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি।
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ২০০৬ সাল থেকে এ দিবসটি পালিত হয়ে আসছে। তবে বিগত বছরগুলো বেসরকারি উদ্যোগে পালিত হলেও এবারই ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপথ বিভাগসহ সরকারি ও বেসরকারি ৫৯টি সংস্থার সম্মিলিত উদ্যোগে রাষ্ট্রীয়ভাবে এ দিবসটি পালিত হল।
দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘ যানজট ও দূষণমুক্ত নগরায়নে প্রয়োজন, গণপরিবহন ব্যবস্থায় উন্নয়ন এবং ব্যক্তিগত গাড়ীর ব্যবহার নিয়ন্ত্রণ।’ এ উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ে যান্ত্রিক যানবাহন বন্ধ করে সংক্ষিপ্ত আলোচনা সভা, সাইকেল শোভাযাত্রা, ঘুড়ি উড়ানো, বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button