শিরোনামশীর্ষ সংবাদ

রাজধানীর তিন সড়কে আজ থেকে রিকশা বন্ধ

রাজধানীর তিনটি প্রধান সড়ক আজ রোববার থেকে রিকশামুক্ত রাখার ঘোষণা দিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। রাস্তা তিনটি হলো, গাবতলী থেকে আসাদগেট হয়ে আজিমপুর (মিরপুর রোড), সাইন্সল্যাব থেকে শাহবাগ মোড় এবং কুড়িল বিশ্বরোড থেকে মালিবাগ-খিলগাঁও হয়ে সায়েদাবাদ পর্যন্ত সড়ক। একই সাথে এসব সড়কের ফুটপাথে থাকা সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।
গত ৩ জুলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নগর ভবন মিলনায়তনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভা থেকে রাজধানীর তিনটি সড়কে রিকশা চলাচল বন্ধ করার ঘোষণা দেয়া হয়। একই সাথে এসব সড়কে লেগুনা, হিউম্যান হলারও বন্ধ করা হবে।
এ কর্মসূচি বাস্তবায়নে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) গতকাল গুলশান নগর ভবনের এক মতবিনিময় সভার আয়োজন করে। এ সময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম রিকশা অপসারণ এবং ফুটপাথ থেকে সব ধরনের মালামাল অপসারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, সড়ক ও ফুটপাথে জনদুর্ভোগ লাঘব এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মহানগরীর অবৈধ যানবাহন বন্ধ, ফুটপাথ দখলমুক্ত ও অবৈধ পার্কিং বন্ধে উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে ডিএনসিসি এলাকার প্রগতি সরণি (কুড়িল বিশ্বরোড থেকে মালিবাগ পর্যন্ত সড়ক) এবং মিরপুর রোডে (গাবতলী থেকে ধানমণ্ডি-২৭ পর্যন্ত সড়ক) রিকশা ও ভ্যান চলাচল নিষিদ্ধ এবং এসব সড়ক ও ফুটপাথ অবৈধ দখলমুক্ত করা হবে।
একইভাবে ডিএসসিসি এলাকার মালিবাগ থেকে খিলগাঁও হয়ে সায়েদাবাদ পর্যন্ত, মিরপুর রোডের ধানমণ্ডি-২৭ থেকে আজিমপুর এবং সাইন্সল্যাব থেকে শাহবাগ মোড় পর্যন্ত সড়ক রিকশা বন্ধ ও ফুটপাথ দখলমুক্ত করা হবে। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এ নির্দেশ বাস্তবায়নে পুলিশের সহযোগিতা কামনা করেন।
মেয়র বলেন, রিকশা নিষিদ্ধ নয় বরং নিয়ন্ত্রণ করা প্রয়োজন। প্রধান সড়কগুলোতে যান্ত্রিক যানবাহনের পাশাপাশি রিকশা ও অন্যান্য অযান্ত্রিক যানবাহন চলাচল করলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তবে প্রধান সড়ক ছাড়া অন্যান্য সড়কে রিকশা ও অন্যান্য অযান্ত্রিক যানবাহন চলাচল করতে পারে।
তিনি আরো বলেন, জনগণের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে ফুটপাথ ও সড়কে কোনো ধরনের মালামাল বা স্থাপনা থাকতে দেয়া হবে না। এ বিষয়ে ডিএনসিসি অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করবে এবং আজ রোববার থেকে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ফুটপাথ ও সড়কে রক্ষিত মালামাল ও স্থাপনা অবিলম্বে স্ব-উদ্যোগে সরিয়ে নেয়ার জন্য তিনি দোকান মালিকদের প্রতি আহ্বান জানান। ঢাকা শহরে বাইরের জেলার কোনো সিএনজি চলতে পারবে না বলেও মেয়র উল্লেখ করেন।
আতিকুল ইসলাম এই তিনটি সড়কে পর্যাপ্ত বাস নামানোর জন্য বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) এবং বাস মালিক সমিতির প্রতি আহ্বান জানান। শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ করতে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে বাস বা মাইক্রোবাস চালু করার অনুরোধ জানান। পর্যায়ক্রমে কুড়িল বিশ্বরোড থেকে মালিবাগ পর্যন্ত চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে বলেও মেয়র জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button