sliderস্থানিয়

রাঙামাটিতে স্বচ্ছ প্রক্রিয়ায় পুলিশে চাকরি পেলেন ৮ জন যুবক

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি; সেবার ব্রতে চাকরি এই মূলমন্ত্রকে ধারণ করে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ নিয়োগে রাঙামাটি পার্বত্য জেলা থেকে ৮ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া অপেক্ষমাণ তালিকায় রয়েছেন আরও ২ জন।

রবিবার (৩১ আগস্ট) সকালে রাঙামাটি পুলিশ লাইন্সে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেন জেলা পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ড. এস এম ফরহাদ হোসেন। পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ধাপে ধাপে শারীরিক, লিখিত, মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা শেষে যোগ্যতার ভিত্তিতে ৮ জনকে নির্বাচিত করা হয়েছে। স্বচ্ছ ও তদবিরবিহীন এ প্রক্রিয়ায় চাকরি পাওয়ায় প্রার্থীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।

প্রাথমিকভাবে নির্বাচিত এক প্রার্থী বলেন, “আজকের এই দিনটি আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন। কোনো সুপারিশ বা প্রভাব ছাড়াই শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে আমরা নির্বাচিত হয়েছি। এজন্য বাংলাদেশ পুলিশকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।
আরেকজন বলেন, পুলিশ সুপার স্যারের সততা ও নিষ্ঠার কারণে আজ আমরা স্বপ্নের চাকরি পেয়েছি। এই বিশ্বাস আমাদের আরও অনুপ্রাণিত করবে দেশের সেবায়।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, অত্যন্ত কঠিন প্রতিযোগিতার মাধ্যমে, তদবিরবিহীন ও স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন হয়েছে। আপনারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন। এখন দেশসেবায় সততা, কর্মনিষ্ঠা ও দেশপ্রেমকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ এখন মেধা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে এটাই আজকের দিনের বড় বার্তা।
স্থানীয়রা বলছেন, চাকরির স্বচ্ছ প্রক্রিয়া তরুণ সমাজকে উৎসাহিত করবে। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, সুপারিশ বা আর্থিক লেনদেন ছাড়া সরকারি চাকরি পাওয়া সম্ভব নয়। তবে এবারের নিয়োগ প্রমাণ করেছে, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সরকারি চাকরিতে প্রবেশ করা সম্ভব।

পাহাড়ি ও বাঙালি দুই সম্প্রদায়ের তরুণরাই এ নিয়োগে নির্বাচিত হয়েছেন। এতে এলাকায় এক ধরনের ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়েছে।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। ফলাফল ঘোষণার পর নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button