sliderস্থানিয়

রাঙামাটিতে ফুটবলের উৎসব : জে এফ এ অনুর্ধ্ব–১৪ উইমেন্স ডেভেলপমেন্ট প্রোগ্রামের পর্দা নামল

রাংগামাটি প্রতিনিধি: রাঙামাটির মারী স্টেডিয়ামটি যেন রোববার বিকেলে রঙিন উৎসবের মাঠে পরিণত হয়েছিল। ছোট ছোট কণ্ঠের উল্লাস, হাতে পতাকা নেড়ে সমর্থনের ঢেউ আর গোলের আনন্দে মাতোয়ারা দর্শক—সব মিলিয়ে ফুটবলের এক অপূর্ব আবহ তৈরি হয়েছিল।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে এবং জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত জে এফ এ অনুর্ধ্ব–১৪ উইমেন্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৫-এর সমাপনী খেলা হয়ে উঠেছিল রাঙামাটিবাসীর ক্রীড়ামুখর দিন। সার্বিক ব্যবস্থাপনায় ছিল রাঙামাটি জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এবং সহযোগিতায় পার্বত্য জেলা ক্রীড়া সংস্থা।

চ্যাম্পিয়নশিপ নির্ধারণী খেলায় মাঠজুড়ে ঝলক দেখায় রাঙামাটির মেয়েরা। কক্সবাজারকে একচেটিয়া আধিপত্যে ৫–০ গোলে হারিয়ে তারা শুধু শিরোপা জেতেনি, স্থানীয় ফুটবল প্রেমীদেরও গর্বিত করেছে। দর্শকসারিতে উপস্থিত তিন থেকে চার শতাধিক মানুষের হাততালি আর স্লোগান মাঠে এক ভিন্ন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক জাতীয় ফুটবলার ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বরুণ বিকাশ দেওয়ান। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের প্রতিনিধিরাও উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, খেলাধুলা মানুষকে শৃঙ্খলা ও নেতৃত্ব শেখায়। ফুটবল দলগত চেতনার প্রতীক, যা একটি জাতিকে আন্তর্জাতিক পরিসরে গর্বিত করতে পারে।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। করতালির শব্দে ভেসে যায় পুরো স্টেডিয়াম। রাঙামাটির ফুটবল ইতিহাসে এই টুর্নামেন্ট হয়ে রইল এক স্মরণীয় অধ্যায়, যা নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button