রমজান মাসে টিসিবি’র পণ্য সামগ্রী পাচ্ছে না ঘিওরের ডিলাররা

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পবিত্র রমজানে টিসিবি’র (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্য সামগ্রী পাচ্ছে না স্থানীয় ডিলাররা। ফলে এলাকার অসহায়, দরিদ্র লোকজনকে অতিরিক্ত মূল্য দিয়ে চাল, ডাল, তেল, খেজুর, সোলা, চিনি সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী কিনতে হচ্ছে। তবে কবে নাগাদ টিসিবি’র পণ্য দেয়া হবে তাও বলতে পারছে না স্থানীয় প্রশাসন। জানা গেছে, টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) ঘিওরে খোলা বাজারে দ্রব্য সামগ্রী বিক্রির জন্য রাম সাহা, নিরঞ্জন সাহা, আল-মামুন, রফিক মৃধা সহ ৪ জন ডিলার নিয়োগ দেয়া হয়। রমজানের শুরুতে এক জন ডিলারকে নামেমাত্র বরাদ্দ দেয়া হয়। কিন্তু পরবর্তীতে আর কোন ডিলারকে টিসিবি’র পণ্য সামগ্রী দেয়া হয়নি। ফলে ঘিওরে পবিত্র রমজান মাসে নি¤œ আয়ের মানুষ চাহিদা মত তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারছে না।
ঘিওর বাজারের টিসিবি’র ডিলার নিরঞ্জন সাহা জানান, বর্তমানে সরকারের স্টোকে দ্রব্য সামগ্রী না থাকার দরুন আমাদের দ্রব্য সামগ্রী বিক্রির জন্য দেয়া হয়নি। তবে ঈদের আগে আমাদের দ্রব্য সামগ্রী দেয়া হবে। এদিকে বর্তমানে ঘিওরে চিনি, মশুর ডাল, সোলা, ভোজ্য তেল সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। রমজান মাসে টিসিবি’র পণ্য সামগ্রী না দেওয়ায় হতদরিদ্রদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
এদিকে ঘিওর বাজার পরিদর্শন করে দেখা গেছে, একশ্রেণীর মজুদদার ব্যবসায়ীরা চাল, ডাল, তেল, চিনি সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী মজুদ করে রেখেছে। পাঁচ সদস্যের একটি সিন্ডিকেট তাদের কারসাজিতেই দ্রব্য সামগ্রীর মূল্য নির্ধারণ করে বাজারে বিক্রি করছে। সুষ্ঠু তদারকি ও মনিটনিং না থাকার দরুন এইসব ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে পড়েছে।
ঘিওর ভূমি অফিসের কর্মচারী মোঃ সুলতান আহমেদ জানান, তিন দিন ধরে টিসিবি’র দোকানগুলোতে ঘুরে তিনি এক কেজি চিনি সংগ্রহ করতে পারেনি। টিসিবি’র দোকানগুলো বন্ধ বলে তিনি সাংবাদিকদের জানান।
উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা আইরিন জানান, টিসিবি’র দ্রব্য সামগ্রীগুলো কবে উত্তোলন করা হয় এবং কবে বিক্রয় করা হয় ও কারা নিয়ন্ত্রণ করে এসবের কিছুই আমার জানা নেই। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষে সাথে আলাপ করে আমি দ্রুত বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।




