
দিল্লির অগ্নিগর্ভ পরিস্থিতিতে ঘৃতাহুতি দিচ্ছেন লক্ষ্মীনগর কেন্দ্রের বিজেপি বিধায়ক অভয় বর্মা। তার মিছিল থেকে উঠেছে ‘গুলি করো’ স্লোগান।
সংবাদ প্রতিদিন জানায়, সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিও শেয়ার করে এমন অভিযোগ করছে আম আদমি পার্টি (এএপি)।
দিল্লির ক্ষমতায় থাকা দলটির দাবি, সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে রাজধানীতে যে সহিংসতার বাতাবরণ তৈরি হয়েছে, তাতে প্রত্যক্ষ মদদ দিচ্ছেন লক্ষ্মীনগর কেন্দ্রের বিজেপি বিধায়ক অভয় বর্মা।
ভিডিওতে দেখা যাচ্ছে, লক্ষ্মীনগর কেন্দ্রের বিজেপি বিধায়ক অভয় বর্মার নেতৃত্বে সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে মিছিল করছেন তার সমর্থকরা। সেই শোভাযাত্রা থেকেই শোনা যাচ্ছে বিতর্কিত ‘গোলি মারো’ স্লোগান।
মিছিলে অভয় বর্মার সমর্থকরা, ‘পুলিশ কে হত্যারে কো, গোলি মারো সালো কো’, ‘দেশ কে হত্যারো কো, গোলি মারো সালো কো’র মতো স্লোগান দেন। সরাসরি সাম্প্রদায়িক কথা বলতেও শোনা যায় তাদের।
বিজেপি সমর্থকরা বলেন, ‘যো হিন্দু হিত কি বাত করেগা, ও ইস দেশ মে রাজ করেগা’ যার বাংলা করলে দাঁড়ায়- ‘যারা হিন্দুদের স্বার্থের কথা বলবে, তারাই এই দেশে রাজত্ব করবে।’ এরপর ওই মিছিল থেকে ‘জয় শ্রীরাম’ স্লোগানও দেওয়া হয়।
এই ভিডিও শেয়ার করে আম আদমি পার্টির বিধায়ক সঞ্জয় সিং অভিযোগ করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুধু লোকদেখানো সর্বদলীয় বৈঠক করছেন। অন্যদিকে, তার দলেরই বিধায়ক দাঙ্গায় উস্কানি দিচ্ছেন।
এর আগে সহিংসতায় উস্কানি দিয়ে বক্তব্য দেওয়ায় বিজেপি নেতা কপিল মিশ্রের বিরুদ্ধে মুখ খোলেন স্বয়ং বিজেপি সাংসদ ক্রিকেটার গৌতম গম্ভীর। দল না দেখে এমন উস্কানিমূলক মন্তব্য করার জন্য কড়া ব্যবস্থা নেওয়া উচিত বলেও জানান তিনি।
গৌতম গম্ভীর বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক। যে-ই এটা করে থাকুক, সে বিজেপি, কংগ্রেস বা আপ- যে দলেরই হয়ে থাকুক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কপিল মিশ্রর মন্তব্য গ্রহণযোগ্য নয়। এটা দিল্লির ব্যাপার, কোনো রাজনৈতিক দলের নয়।’
বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে বিক্ষোভ বন্ধে ক্ষমতাসীন বিজেপি নেতা কপিল মিশ্রার আল্টিমেটামের কয়েক ঘণ্টা পর রবিবার রাজধানী দিল্লিতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সিএএ-বিরোধী বিক্ষোভকারীদের ওপর সশস্ত্র হামলা শুরু করে আইনটির সমর্থকরা।
টানা চতুর্থ দিনের সহিংসতায় ভারতের রাজধানী দিল্লিতে নিহত বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে দুই শতাধিক।
দিল্লির মৌজপুর, জাফরাবাদ, কারওয়ালনগরে ও চাঁদবাগে কারফিউ জারি করা হয়েছে। এসব এলাকায় দাঙ্গাকারীদের ‘শুট অ্যাট সাইট তথা দেখা মাত্র গুলির’ নির্দেশ দেওয়া হয়েছে।
ये लक्ष्मी नगर भाजपा का विधायक क्या कर रहा है? @AmitShah शांति बहाली के लिये सर्वदलीय मीटिंग का दिखावा करते हैं और उनके विधायक दंगा भड़काने में लगे हैं। pic.twitter.com/zxl5C90VH9
— Sanjay Singh AAP (@SanjayAzadSln) February 25, 2020




