রংপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের তিন সদস্য গ্রেফতার

রংপুর প্রতিনিধি: রংপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৩ ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌর এলাকার বাগের হাট বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বিপ্লব হোসেন, নূর মোহাম্মদ ও মওলা মিয়া। তাদের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকায়। এসময় তাদের কাজ থেকে বিপুল সংখ্যক উগ্রবাদী বই, লিফলেট, মোবাইল ফোন এবং সীমকার্ড উদ্ধার করা হয়।
শুক্রবার বিকেলে র্যাব-১৩'র মিডিয়া অফিসার সিনিয়র এএসপি সিদ্দিক আহমদ জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আল্লাহর দলের গাইবান্ধা অঞ্চলের দায়িত্ব পালন করছে বলে স্বীকার করেছে। তারা নিয়মিতভাবে দলের জন্য চাঁদা প্রদান করে এবং মানুষের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে সদস্য এবং চাঁদা সংগ্রহ করে দল পরিচালনা করে আসছে।




