রংপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালিত

রংপুর প্রতিনিধি : রংপুরে যথাযোগ্য মর্যাদায় ১৫আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষে নগরীর ডিসির মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রংপুরের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিন সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। সকালে ডিসির মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, গার্ড অব অনার প্রদান, দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। পরে সামাজিক দুরত্ব মেনে রংপুর জিলা স্কুল অডিটরিয়ামে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়া মসজিদ, মন্দীরসহ বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।
দিবসটি উপলক্ষে রংপুর জেলা ও মহানগর আওয়ামীলীগ পৃথকভাবে তাদের কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল কোরান খতম, মিলাদ মাহাফিল, দোয়া, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ও আলোচনাসভা। রংপুর মহানগরীর ৩৩টি ওয়ার্ডেও একই কর্মসুচি পালিত হয়।
এদিকে রংপুর সদর, বদরগঞ্জ, তারাগঞ্জ, গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা, মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলায়ও নানা কর্মসুচি পালিত হয়েছে।




