রংপুরে বেসরকারী হাসপাতাল ও ডায়াগনেস্টিক সেন্টারে অভিযান অব্যাহত

রংপুর প্রতিনিধি : গত তিনদিন ধরে রংপুর নগরীর বিভিন্ন বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের তৃতীয় দিনে বুধবার নগরীর ধাপ এলাকায় অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা প্রদান করায় পাঁচটি
ক্লিনিক ও দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান জানান- নগরীর চেকপোষ্ট এলাকায় ন্যাশনাল কমিউনিটি হাসপাতালের সিভিল সার্জন অফিসের অনুমোদন না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে হাসপাতালের এর ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করে হাসপাতালটি সিলগালা করা হয়েছে। একই এলাকার সমতা ক্লিনিক এন্ড নার্সিং হোম এর ম্যানেজারকে ৫০হাজার টাকা টাকা জরিমানা অনাদায়ে দু' মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এছাড়াও আইডিয়াল জেনারেল হাসপাতাল এন্ড নার্সিং হোমকে এক লাখ টাকা জরিমানা ও ম্যানেজারকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়ছেে। রংপুর স্কয়ার হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানান ও ম্যানেজারকে দু' মাস বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়। মেঘনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের বর্জ্য ব্যাবস্থাপনা না থাকায় ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এর পাশাপাশি আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টারকে ওই অপরাধে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ম্যানেজারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালতের বিচারক।
এছাড়াও মেডিনোভা ক্লিনিক এন্ড নার্সিং হোম ক্লিনিকে রোগী দেখার অপরাধে ভুয়া ডাক্তার সনাতন চন্দ্র ও তার সহযোগী তুলেশচন্দ্র, আমিনুল ইসলাম, শাহানুরকে গ্রেফতার করে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করে আদালত।
এসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ডিবি আবু মারুফ হোসেন, এডিসি উত্তম প্রসাদ পাঠক, জেলা প্রশাসক ও সিভিল সার্জন অফিসের প্রতিনিধি।




