মদ খেয়ে মাতাল হয়ে ধরা পড়লে অদ্ভূদ এক শাস্তির বিধান করেছে ভারতের গুজরাটের বানাসখাটা জেলার খাটিসিতারা গ্রাম। এখানে মাতাল হয়ে ধরা পড়লেই ২০ থেকে ২৫ হাজার টাকা জরিমানাতো দিতেই হবে। সঙ্গে সারাগ্রামকে পাঁঠার মাংস ও বাটি (একপ্রকার গমের রুটি) খাওয়াতে হবে। এর পুরো খরচটাই বহন করতে হবে মাতাল ব্যক্তিকে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’এর এক প্রতিবেদনে বলা হয়, খাটিসিতারা গ্রামে আজ থেকে প্রায় ১০ বছর আগে এখানকার আদিবাসী মানুষেরা প্রচুর পরিমাণে মদ্যপান করত। অনেকে বিষক্রিয়ায় মারাও যান। আবার অনেকেই মদ খেয়ে মাতাল হয়ে খুন পর্যন্ত করে।
২০১৩ সালে প্রশাসন এখানে নতুন আইন চালু করে। তাতেই মদ খেয়ে কোথাও কাউকে বসে থাকতে দেখলেই প্রথমে ৫০০০ টাকা দেয়া বাধ্যতামূলক। তারপর সারাগ্রামের প্রায় ৮০০ মানুষকে পাঁঠার মাংস ও বাটি খাওয়াতে হবে নিজ খরচে।
প্রতিবেদনে বলা হয়, এই আইন চালু হওয়ার পর প্রথম কয়েক বছর তিন থেকে চারজন এই শাস্তিধারার মধ্যে পড়ত। ২০১৮ তে মাত্র একজনকেই এরকম শাস্তি দেয়া হয়েছিল। ২০১৯-এ এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি।
২০১৮ তে যে ব্যক্তি ধরা পড়েছিল তিনি অবশ্য অন্য গ্রামের বাসিন্দা। খাটিসিতারার পাশেই রয়েছে উপালা গ্রাম। এখানেও মানুষ অনেক সচেতন হয়েছেন। তবুও গ্রামবাসীরা চাইছেন এমন আইন এখানেও চালু হোক। আপাতত রাজস্থান থেকেও চোলাই মদের আমদানি নিষিদ্ধ করেছে গ্রামবাসীরা।



