যুক্তরাষ্ট্রে দাবানল: ঘর ছেড়ে পালাচ্ছে মানুষ, মৃত বেড়ে ২৪
করোনা পরিস্থিতির মধ্যে দাবানলের মতো বড় বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রে পশ্চিম উপকূলের অঙ্গরাজ্যগুলো। এর মধ্যে ক্যালিফোর্নিয়া ও পার্শ্ববর্তী ওরেগন অঙ্গরাজ্যের পরিস্থিতি খুবই ভয়াবহ। আগুন থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে সেখানকার মানুষ।
ফেডারেল ও স্থানীয় কর্তৃপক্ষের সূত্রে কাতারভিত্তিক আলজাজিরা জানায়, দাবানলের শিকার মার্কিন অঙ্গরাজ্যগুলোতে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে।
এর মধ্যে ক্যালিফোর্নিয়ায় বৃহস্পতিবার ২৪ ঘণ্টাই পাওয়া গেছে ৭ জনের মৃতদেহ। মৃতদের মধ্যে অধিকাংশ ক্যালিফোর্নিয়া ও ওরেগনের বাসিন্দা। এ ছাড়া ওয়াশিংটনে মারা গেছে এক বছর বয়সী একটি শিশুও।
এদিকে শুক্রবার পশ্চিম উপকূলের অঙ্গরাজ্যগুলোর কয়েক ডজন জায়গায় নতুন করে বায়ুচালিত দাবানল ছড়িয়ে পড়েছে।
অনলাইন ভিডিওতে দেখা গেছে, আবাসিক এলাকাগুলোতে আগুন ছড়িয়ে গেছে। জ্বলছে ঘরবাড়ি। মানুষ দৌড়ে দৌড়ে দ্বারে দ্বারে গিয়ে প্রতিবেশীদের সতর্ক করছে।
একজনকে চিৎকার করতে দেখা যায়, ‘সবাই বেরিয়ে যাও, সবাই বেড়িয়ে যাও।’
দাবানল থেকে বাঁচতে ৫ লাখ বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বলেছেন ওরেগনের গভর্নর ক্যাট ব্রাউন।
গভর্নর ব্রাউন জানান, ইতিমধ্যে ৪০ হাজার বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে চলে গেছে। কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন।
মার্কিন অঙ্গরাজ্যটির দুর্যোগ মোকাবিলা দপ্তরের ডিরেক্টর অ্যান্ড্রু হেল্পস জানান, কর্মকর্তারা বড় ধরনের মৃত্যুর ঘটনার মুখোমুখি হতে প্রস্তুতি নিচ্ছে।
কারণে আগুন গতি আরও বাড়ছে বলে জানালেন ব্রাউন, ‘আমরা আবহাওয়ার অবস্থা থেকে নিষ্কৃতি পাচ্ছি না। বাতাস আগুনে জ্বালানি দিচ্ছে। টাউন ও শহরগুলোতে আগুন ঢুকে পড়ছে।’
ওরেগন গভর্নর আরও জানান, দাবানলে এরই মধ্যে পাঁচটি শহরের ‘বড় একটা অংশ ধ্বংস হয়ে গেছে’। তবে এখন পর্যন্ত কত সংখ্যক বাড়িঘর পুড়েছে তার কোনো সঠিক তথ্য দিতে পারেননি গভর্নর।
বিপর্যস্ত এলাকা ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট কোস্ট থেকেও সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার বাসিন্দাদের। কিছু কিছু এলাকায় এখনো পৌঁছাতে পারেনি উদ্ধারকর্মীরা।
ক্যালিফোর্নিয়ায় চলমান দাবানল কয়েক মাস পার হতে চলল। কিন্তু এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। অঙ্গরাজ্যটির ইতিহাসে এটি সবচেয়ে লম্বা সময় ধরে চলা দাবানল এটি।
অঙ্গরাজ্যটির উত্তর-পশ্চিমে এই দাবানলে রসদ জোগাচ্ছে উচ্চ তাপমাত্রা ও উষ্ণ আবহাওয়া। ছাই হয়ে গেছে ৪ লাখ ৭০ হাজার একর ভূমির গাছপালা। সুত্র : দেশ রূপান্তর




