আন্তর্জাতিক সংবাদশিরোনাম

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে পুলিশসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের জার্সি সিটিতে ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জন নিহত ও দুই পুলিশ অফিসার আহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে হাডসন নদীর পারে এ গোলাগুলির ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় পুলিশ প্রধান মাইকেল কেলি বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন সাধারণ মানুষ ও দু’জন সন্দেহভাজন দোকানের মধ্যে গুলিবিদ্ধ হন। বন্দুকযুদ্ধের সময় পুলিশের একজন গোয়েন্দা কর্মকর্তা মারা যান। এ সময় শত শত রাউন্ড গুলি বিনিময় হয়েছে। প্রায় চার ঘণ্টা ধরে গোলাগুলির ঘটনা চলেছে। ধারণা করা হচ্ছে, সাধারণ মানুষকে দোকানের ভেতর জিম্মি করেছিল বন্দুকধারীরা।
পুলিশ অবশ্য এখনই এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেনি।
এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে বলেন, নিউ জার্সির জার্সি সিটিতে ঘটা গোলাগুলির খবর তিনি জেনেছেন। এই বেদনাদায়ক দুঃসময়ে তিনি হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পরিস্থিতি টানা পর্যবেক্ষণ করা হবে বলে তিনি জানান। ট্রাম্প বলেন, স্থানীয় কর্মকর্তাদের এ কাজে সহযোগিতা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button