শিক্ষাশিরোনাম

ছাত্রলীগ নেতা বদরুলের বিচারের দাবিতে উত্তাল সিলেট

মঙ্গলবার সকাল থেকে ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিচারের দাবিতে উত্তাল সিলেট। সোমবার এই বদরুল আলম চাপাতি দিয়ে তার কথিত প্রেমিকা নার্গিসকে নির্মমভাবে আহত করে। এরই প্রতিবাদে সরকারি মহিলা কলেজ, এমসি কলেজের শিক্ষার্থীরা দিনভর সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেছে। শিক্ষার্থীরা ‘চাপাতি’ বদরুলের বিচার চায়।
বিভিন্ন মানববন্ধন আর অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা দাবি করেন, নার্গিসকে নৃশংসভাবে হত্যার চেষ্টা করেছে চাপাতি বদরুল। সে যেন কোনোভাবে পার পেয়ে না যায়। দিনের কর্মসূচি শেষে মঙ্গলবার বিকালে বদরুলের ফাঁসিসহ তিন দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে সিলেট সরকারি মহিলা কলেজ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তর করা, আসামী বদরুলের ফাঁসি নিশ্চিত করা এবং পরীক্ষার হলসহ যাতায়াতের সময় ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা।
সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতকের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিস। তার ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও ছাত্রলীগ নেতা বদরুলের শাস্তির দাবিতে ঘটনাস্থলে বিক্ষোভ প্রদর্শন করেন অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। জানা যায়, সকালে টিলাগড় এমসি কলেজের সামনের সড়ক ও সিলেট সরকারি মহিলা কলেজে মানববন্ধনে অংশ নেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মানববন্ধনে সংহতি প্রকাশ করে বিভিন্ন সংগঠন।
প্রসঙ্গত, সোমবার বিকালে শাহজাহাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক বদরুলের চাপাতির কোপে মারাত্মক আহত হন কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস। তিনি এখন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আন্দোলনরত একজন ছাত্রী বলেন, ‘চাপাতি বদরুল ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। তার বিচার যেন কোনোভাবেই প্রভাবিত না হয়। তার অপরাধের জন্য প্রাপ্য শাস্তি তার দলের লোকজনকেই নিশ্চিত করতে হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button